,

7 April 2026, 1:27 PM

সিলেটে আইনশৃঙ্খলা বিষয়ক প্রেস ব্রিফিং

আপডেট টাইম : April 7, 2026 1:27 PM



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম গতকাল ০৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মহানগর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। তিনি তার বক্তব্যে সমসাময়িক মহানগর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বিগত কয়েক মাসের আসামি গ্রেফতার ও অন্যান্য বিষয়ে আলোচনা করেন।

প্রথমেই আগত সাংবাদিকদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। তিনি জানান, তার যোগদানের পর থেকেই বিভিন্ন কার্যক্রমে তিনি সাংবাদিকদের সহায়তা পেয়েছেন। তিনি বলেন, সংবাদকর্মীরা আমাদের সমাজের চোখ ও কান, অর্থাৎ তাদের মাধ্যমেই আমরা সমাজের বাস্তব চিত্র দেখি ও শুনি এবং তদনুযায়ী পুলিশ তার কর্মতৎপরতা পরিচালিত করে। সিলেট মহানগরের ফুটপাত হকারমুক্ত করা, রাস্তা যানজটমুক্ত করা অথবা অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণে সাংবাদিকরা সর্বদাই পজিটিভ ভূমিকা রেখেছেন। তিনি বলেন, এই কাজগুলো যদি সিলেট মেট্রোপলিটন পুলিশের সাফল্য হয়, তাহলে তার অংশীদার সাংবাদিকরাও। তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান, যাতে তারা সমাজের বাস্তব চিত্র তুলে ধরে সিলেট নগরকে একটি সুন্দর ও সুশৃঙ্খল নগরীতে পরিণত করা যায়, নগরীর আইন-শৃঙ্খলাকে সমুন্নত রাখা যায় সে ব্যাপারে অত্র মহানগর এলাকার সকল সাংবাদিকগণ পজিটিভ ভূমিকা পালন করেন।

আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম উল্লেখ করেন, কয়েকটি ঘটনায় কিছু নেগেটিভ নিউজ প্রচারিত হলেও এই মহানগরীর বাস্তব চিত্র হচ্ছে এটি বাংলাদেশের একটি অন্যতম নিরাপদ শহর। এ প্রসঙ্গে তিনি ইন্টারন্যাশনাল ক্লাউড সোর্সড অনলাইন ডেটাবেজ ‘নামবিও’র সূচকের কথা তুলে ধরেন। আন্তর্জাতিক এই সংস্থাটির ক্রাইম ইনডেক্স ও সেফটি ইনডেক্স অনুযায়ী সিলেট মেট্রোপলিটন এলাকা জনগণের বসবাসের জন্য অত্যন্ত ভালো পর্যায়ে রয়েছে।

এরপর তিনি ২০২৫ সালের সেপ্টেম্বর মাস হতে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত ছিনতাইকারী, ডাকাত, চোর এবং মোট আসামি গ্রেফতার সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন। এই নির্দিষ্ট সময়ে সর্বমোট ১৫৭ জন ছিনতাইকারী, ২৪ জন ডাকাত, ২৩১ জন চোর এবং সর্বমোট ৬৩৬৭ জন আসামি গ্রেফতার হয়েছে। এই তথ্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, সিলেট মহানগর পুলিশ ছিনতাইকারী, ডাকাত, চোর তথা সকল ধরনের আসামি গ্রেফতারের ক্ষেত্রে উত্তরোত্তর প্রবৃদ্ধি অর্জন করেছে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে এই ধারা ভবিষ্যতে আরও অব্যাহত থাকবে। এক্ষেত্রে শুধু পুলিশ নয়, বরং মহানগরীর সকল সচেতন জনগণ ও সাংবাদিকদের ভূমিকা পজিটিভ থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরে তিনি উপস্থিত সাংবাদিকদের সমসাময়িক বিভিন্ন ইস্যুতে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

উক্ত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা পিপিএম সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াজুল কবির পিএসসি, উপ পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিক।ব্রিফিং শেষে পুলিশ কমিশনার সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্ত করেন।

শেয়ার করুন