31 July 2026, 6:32 PM
ইমাম উদ্দিন,জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৪৮ বিজিবির একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিকন ফার্মাসিউটিক্যালসের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সাদ্দাম হোসেন (৩৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সারিঘাট এলাকার সরুফৌদ পাথরঘাটা মসজিদসংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সাদ্দাম হোসেন জৈন্তাপুর বুথে কোম্পানির টাকা জমা দিয়ে মোটরসাইকেলযোগে নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকা দরবস্তের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। অন্যদিকে, সিলেটের আখালিয়া থেকে ৪৮ বিজিবির একটি টিম নিয়মিত সীমান্ত টহল ও দায়িত্ব পালনের অংশ হিসেবে তামাবিলের দিকে যাচ্ছিল।
পথিমধ্যে ৪নং দরবস্ত ইউনিয়নের সারিঘাট এলাকার সরুফৌদ পাথরঘাটা মসজিদসংলগ্ন স্থানে বিজিবির গাড়ি (নিবন্ধন নম্বর: সিলেট হ-১১-০০৩২) এবং সাদ্দাম হোসেনের মোটরসাইকেল (নিবন্ধন নম্বর: ঢাকা মেট্রো-হ-৭৫-০১৯৮) মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই সাদ্দাম হোসেন নিহত হন।
নিহত সাদ্দাম হোসেন রাজশাহী জেলার বাগমারা উপজেলার বাসিন্দা ছিলেন।তিনি বিকন ফার্মাসিউটিক্যালসের একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।
বিকন ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার আবির হোসেন জানান, ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাইওয়ে পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় ঊর্ধ্বতন কতৃপক্ষের সাথে আলাপ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।