৩ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
সুস্বাস্থ্য নিশ্চিতকরণ ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলায় ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার ৩ মার্চ সকাল ১০টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন দিরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বারটানের সহযোগিতায় প্রশিক্ষণটি অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী। স্বাগত বক্তব্য দেন বারটানের সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও আঞ্চলিক প্রধান মুসফিকুছ সালেহীন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সুস্থ দেহ গঠনে পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণ অপরিহার্য। অনেক সময় অজ্ঞতা ও অসচেতনতার কারণে মানুষ প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হয়। তিনি উল্লেখ করেন, সামান্য উদ্যোগ নিলেই বাড়ির আঙিনায় শাকসবজি ও ফল উৎপাদনের মাধ্যমে পরিবারের ভিটামিন ও খনিজের চাহিদা পূরণ সম্ভব।
তিনি আরও বলেন, সরকার চায় সকল শ্রেণি-পেশার মানুষ নিজ উদ্যোগে পুষ্টিকর খাদ্য উৎপাদনে আগ্রহী হোক। সে লক্ষ্যেই এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিতসহ বিভিন্ন পেশাজীবীদের সম্পৃক্ত করা হয়েছে যাতে তারা নিজ নিজ ক্ষেত্রে পুষ্টি বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে পারেন।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী বলেন, পরিবারভিত্তিক পুষ্টি বাগান গড়ে তোলা এবং শাকসবজি চাষ সম্প্রসারণ এখন সময়ের দাবি। এ প্রশিক্ষণ মাঠপর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার, অর্থ সম্পাদক প্রশান্ত সাগর দাস, শিক্ষক সুধা সিন্ধু দাস, সুমনা আচার্য্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ প্রতিনিধি।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে পুষ্টিসমৃদ্ধ শাকসবজি উৎপাদন, নিরাপদ খাদ্যাভ্যাস, পারিবারিক পুষ্টি বাগান গঠন এবং সচেতনতা বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হবে।
আয়োজকরা আশা করছেন, অংশগ্রহণকারীরা প্রশিক্ষণলব্ধ জ্ঞান নিজ এলাকায় ছড়িয়ে দিয়ে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবেন। সুস্থ সমাজ গঠনের পথে সচেতনতা ও আত্মনির্ভর উদ্যোগই হতে পারে সবচেয়ে বড় শক্তি।