২৯ এপ্রিল ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
দিরাই প্রতিনিধি :
টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওরাঞ্চলে অন্তত ৬০০ হেক্টর জমির পাকা বোরো ধান তলিয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা।
শ্রমিক সংকট, হারভেস্টার মেশিন নামাতে না পারা এবং রোদের অভাবে কাটা ধানও নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সরেজমিনে বরাম হাওর এলাকায় গিয়ে দেখা যায়, বৃষ্টির পানিতে বিস্তীর্ণ এলাকা ডুবে আছে। অনেক জমির পাকা ধান ইতোমধ্যে পানির নিচে চলে গেছে।
জমিতে পানি জমে থাকায় হারভেস্টার মেশিন ব্যবহার সম্ভব হচ্ছে না। অন্যদিকে শ্রমিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
অনেক কৃষক পরিবার-পরিজন নিয়ে নিজেরাই ধান কাটতে নেমেছেন। কেউ নৌকায়, কেউ কোমরসমান পানিতে নেমে ধান কাটার চেষ্টা করছেন।
তবে কাটা ধান শুকাতে না পারায় তা নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ছে। অনেক ক্ষেত্রে ধানে অঙ্কুর গজাতে শুরু করেছে।
উজানধল গ্রামের কৃষক কুলেন্দ্র চৌধুরী জানান, ৩০ কেদার জমির মধ্যে মাত্র ৬ কেদার ধান কাটতে পেরেছেন, বাকিটা পানিতে তলিয়ে গেছে।
ভাঙ্গাডহর গ্রামের প্রণয় ব্রহ্মচারী বলেন, তার ২৬ কেদার জমির মধ্যে অধিকাংশই পানির নিচে চলে গেছে। বৃষ্টি না থামলে পুরো ফসলই হারানোর আশঙ্কা রয়েছে।
ইসলামপুর গ্রামের সিদ্দিক মিয়া বলেন, শ্রমিক না পেয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে কোমরসমান পানিতে নেমে ধান কাটছেন।
কালিকোটা হাওরের কৃষক মুছন মিয়া জানান, তার অর্ধেকের বেশি জমির ধান ইতোমধ্যে তলিয়ে গেছে।
হাওর বাঁচাও আন্দোলনের উপজেলা কমিটির আহ্বায়ক মোস্তাক আহমেদ বলেন, অপরিকল্পিত বাঁধ নির্মাণের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকের দুর্ভোগ বাড়ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী জানান, ইতোমধ্যে অন্তত ৬০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।