৩ মে ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের সীমান্ত ঘেরা জনপদ জৈন্তাপুরে কৃষকের মাথার ঘাম পায়ে ফেলে ফলানো সোনালী ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। চলতি ২০২৬ সালের এই মহতী উদ্যোগের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা।
রোববার (৩ মে) দুপুরে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তের ফলে স্থানীয় বোরো চাষিদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহের আমেজ পরিলক্ষিত হচ্ছে।
উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের নিবিড় তদারকিতে উপজেলার মোট ৬টি ইউনিয়ন থেকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রকৃত কৃষকদের নিকট হতে এই ধান ক্রয় করা হবে। পুরো মৌসুমে মোট ৫২৭ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যেখানে সরকার নির্ধারিত প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে ৩২ টাকা। উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম দিনেই মো. মুহিত আলী নামের একজন আদর্শ কৃষকের নিকট থেকে ০.৪৪ মেট্রিক টন ধান ক্রয়ের মাধ্যমে পুরো প্রক্রিয়ার সফল সূচনা ঘটে।
এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ূন দিলদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসীম কুমার তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাফিজ এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার বেলাল।
খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে আগামী ৩১ আগস্ট পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে এই ধান সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন। মাঠ পর্যায়ের প্রকৃত কৃষকরা যাতে কোনো প্রকার মধ্যস্বত্বভোগীর হয়রানি ছাড়াই সরাসরি সরকারি গুদামে তাদের উৎপাদিত ফসল পৌঁছে দিতে পারেন সেজন্য কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।
দায়িত্বশীল কর্মকর্তাদের উপস্থিতিতে স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রেখে এই ধান কেনা হচ্ছে যা স্থানীয় কৃষি অর্থনীতিতে এক নতুন গতির সঞ্চার করবে। আধুনিক ও জনবান্ধব এই ধান সংগ্রহ পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে জৈন্তাপুরের প্রান্তিক চাষিদের মুখে হাসির ঝিলিক ফুটে উঠেছে।