সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ মার্চ ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ

গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউনিয়নে কেন্দা খাল পুনঃখনন কাজ শুরু

আপডেট টাইম : মার্চ ৮, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নে সাতকুড়িকান্দি এলাকার কেন্দা খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন পর খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশা তৈরি হয়েছে।

রোববার ৮ মার্চ দুপুরে স্থানীয় গ্রামবাসীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ পুনঃখনন কাজ শুরু করা হয়। বাংলাদেশ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় সাতকুড়িকান্দি, তুরালীকান্দি, হাতিরকান্দি, ডাকাতিকান্দি ও কাঠলকুড়িকান্দি গ্রামের বাসিন্দারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুর উদ্দিন রাঙ্গা মেম্বার, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ, যুবদল নেতা নুরুল ইসলাম মেম্বার, নাজিম উদ্দিন, আব্দুল মতিন, মশাইদ আলী, মইনুদ্দিন, আব্দুল্লাহ, দেলোয়ার হোসেন, নাজমুল ইসলাম, মোখলিসুর রহমান, মো. দেলোয়ার, ফয়েজ উদ্দিন, আব্দুল সাত্তার, আল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় বাসিন্দারা জানান, কেন্দা খাল পুনঃখনন সম্পন্ন হলে এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং সেচ ব্যবস্থায় নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। একই সঙ্গে খালটি খরা মৌসুমে পানির আধার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যার ফলে কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন এবং অনেক অনাবাদি জমি চাষের আওতায় আসবে।

গ্রামবাসীর মতে, খালটি পুনঃখননের ফলে জলাবদ্ধতা কমবে, দেশীয় মাছের উৎপাদন বাড়বে এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, এমন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে এলাকার কৃষি, মৎস্য ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

শেয়ার করুন