১৯ এপ্রিল ২০২৬, ২:০৭ অপরাহ্ণ
দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রায় ৩শ কেজি সরকারি পাঠ্যপুস্তক অবৈধভাবে বিক্রির চেষ্টা করতে গিয়ে এক মাদ্রাসার দপ্তরীকে হাতেনাতে আটক করা হয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অভিযুক্ত শহীদুল ইসলাম দিরাই পৌর শহরের হাজী মাহমদ মিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার দপ্তরী হিসেবে কর্মরত।
তার বিরুদ্ধে মাদ্রাসার সংরক্ষিত বই ভাঙারির দোকানে বিক্রি করার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়,
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে শহীদুল ইসলাম মাদ্রাসার একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ বই ভ্যানযোগে ভাঙারির দোকানে পাঠানোর সময় স্থানীয় কয়েকজন যুবকের নজরে আসে। তারা ঘটনাটি ভিডিও ধারণ করলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে।
এ সময় অভিযোগ ওঠে, বিষয়টি গোপন রাখতে অভিযুক্ত দপ্তরী সংশ্লিষ্ট যুবকদের অর্থের প্রলোভন দেখান। তবে তারা এতে সাড়া না দিয়ে বিষয়টি এলাকাবাসীকে জানিয়ে দেন।
পরে বাগবাড়ী গ্রামের লোকজন ভাঙারি ব্যবসায়ী রফিকুল মিয়ার কাছ থেকে ৪টি বস্তাভর্তি প্রায় ৩শ কেজি সরকারি বই উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। উদ্ধারকৃত বইগুলো ২০২৪ ও ২০২৬ শিক্ষাবর্ষের বলে জানা গেছে।
ভাঙারি ব্যবসায়ী রফিকুল মিয়া জানান, মাদ্রাসার দপ্তরী শহীদুল ইসলাম তার কাছে বই বিক্রির প্রস্তাব দিলে তিনি ভ্যান নিয়ে মাদ্রাসায় গিয়ে বইগুলো কিনেন।
অভিযুক্ত শহীদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।
মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জলিল বলেন, বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী অফিসার ও পরিচালনা কমিটির সভাপতিকে অবহিত করা হয়েছে এবং এ নিয়ে জরুরি সভা আহ্বান করা হবে।
দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার জানান, সরকারি বই বিক্রির অভিযোগের বিষয়ে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় বাগবাড়ী গ্রামের বাসিন্দারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।