শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ মে ২০২৬, ২:২৮ পূর্বাহ্ণ

ডেংগু প্রতিরোধে সিলেট সিভিল সার্জন কার্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আপডেট টাইম : মে ৪, ২০২৬ ২:২৮ পূর্বাহ্ণ



শেয়ার করুন

একটানা বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে সিভিল সার্জন অফিস। ডেংগু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। মন্ত্রি পরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার নির্দেশনা মোতাবেক প্রতি শনিবার জনসাধারণসহ সকলকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধবংসে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়।  সিলেট জেলার সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এর নেতৃত্বে এ অভিযানে অংশ নেন ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসারবৃন্দ, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অভিযান চলাকালীন জেলা স্যানিটারি শেখর কান্তি পাল এবং কীটতত্ত্ববিদ  নজরুল ইসলাম কার্যক্রমের তদারকি করেন। কার্যালয়ের প্রাঙ্গণ, পার্শ্ববর্তী এলাকা, ড্রেন, ছাদ ও ভবনের আশপাশে জমে থাকা পানি অপসারণ, আবর্জনা পরিষ্কার এবং সম্ভাব্য ডেংগু মশার প্রজননস্থল ধ্বংস করা হয়। মূলত ডেংগু রোগের উৎপত্তিস্থল হিসেবে ফুলের টব, ছাদের জমে থাকা পানি, পরিত্যক্ত টায়ার, বোতল, ডাবের খোসা, পানি সংরক্ষণের খোলা ড্রাম ও ট্যাংক, নির্মাণাধীন ভবনের ছাদ এবং ড্রেন বা নালায় জমে থাকা পানি পরিষ্কার করা হয়।
ডেংগু একটি ভাইরাসজনিত জ্বর যা এডিস মশার কামড়ে ছড়ায়। প্রতি বছর দেশে হাজারো মানুষ ডেংগুতে আক্রান্ত হয় এবং অনেক ক্ষেত্রে মৃত্যুবরণ করে। উচ্চ জ্বর, চোখের পেছনে ব্যথা, মাথাব্যথা, শরীরব্যথা ও ত্বকে র‍্যাশ দেখা দেওয়া এ রোগের সাধারণ উপসর্গ। সময়মতো চিকিৎসা না নিলে ডেংগু হেমোরেজিক ফিভার ও ডেংগু শক সিনড্রোম এর মত প্রাণঘাতী অবস্থা হতে পারে।
তাই মশার প্রকোপ না কমা পর্যন্ত স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নিজ নিজ কর্মক্ষেত্র , বাসস্থান ও সংলগ্ন এলাকায় পরিস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যহত রাখার অনুরোধ করেন  সিলেট জেলার সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন। তিনি বলেন ,”জনগণ সচেতন হলে ডেংগু নিয়ন্ত্রণ সম্ভব।”

অভিযান শেষে উপস্থিত সবাই ডেংগু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন