শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১ এপ্রিল ২০২৫, ৭:২৭ অপরাহ্ণ

সিলেটে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

আপডেট টাইম : এপ্রিল ১, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেট প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। গতকাল সোমবার (৩১ মার্চ) নগরীর বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন এবং আনন্দভরে শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদুল ফিতর উপলক্ষে সিলেট নগরীর প্রধান সড়কগুলো বাংলা ও আরবিতে লেখা “ঈদ মোবারক” ব্যানার ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়। সরকারি-বেসরকারি ভবন, শপিং মল ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো উৎসবের আমেজে রঙিন সাজে সজ্জিত হয়। নিরাপদ ও শান্তিপূর্ণ ঈদ উদযাপনের জন্য জেলা প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে। এছাড়াও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। ঈদ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম চালু করা হয়, যেখান থেকে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়।

সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। এতে সিলেট সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। এছাড়াও দরগাহ-এ হজরত শাহজালাল (র.) মাজার মসজিদ, কুদরত উল্লাহ জামে মসজিদ, সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠসহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এবার ঈদে দীর্ঘ ছুটি থাকায় নগরীর পার্ক, বিনোদন কেন্দ্র ও পর্যটন স্পটে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। জেলা প্রশাসনের ধারণা, ঈদের পরবর্তী দিনগুলোতে পর্যটক সংখ্যা আরও বৃদ্ধি পাবে। এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, “পর্যটকদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। দুর্ঘটনা এড়াতে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে, পর্যটন পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী বাড়তি তৎপরতা চালাচ্ছে। এছাড়াও হোটেল-রেস্টুরেন্টে অতিরিক্ত মূল্য আদায় রোধে নজরদারি করা হচ্ছে।”

ঈদের আনন্দ সবাইকে অংশীদার করতে বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হয়। এদিকে, সুষ্ঠুভাবে ঈদ উদযাপন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী সারাদিন তৎপর ছিল।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবের আমেজ ও নিরাপত্তার মধ্য দিয়ে সিলেটবাসী পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে। প্রশাসনের নানামুখী উদ্যোগ ও জনসাধারণের সহযোগিতায় এবারের ঈদ উৎসব ছিল শান্তিপূর্ণ ও আনন্দঘন।

আলোকিত সিলেট / এস এস

শেয়ার করুন