শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ মে ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ

সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ -২০২৫” প্রতিযোগিতার উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট টাইম : মে ১০, ২০২৫ ১১:১৪ অপরাহ্ণ



শেয়ার করুন

আজ শনিবার মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ -২০২৫” প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং দেশে অসংখ্য জলাশয় রয়েছে, যে কারণে সাঁতার জাতীয় জীবনে নিবিড়ভাবে জড়িত। তিনি বলেন, এই জায়গা থেকে বাংলাদেশের সাঁতার প্রতিযোগিতায় ভালো করার অপার সম্ভাবনা রয়েছে। তিনি উল্লেখ করেন যে, ট্যালেন্ট হান্টই একমাত্র উপায় যার মাধ্যমে নতুন ক্রীড়াবিদ ও সম্ভাবনাময়ী খেলোয়ার খুঁজে পাওয়া যায়। তাদের যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে গড়ে তোলা হবে, যাতে তারা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারেন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারেন। তিনি বলেন, খেলোয়াড়দের উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা প্রদানে সচেষ্ট আছে।

উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ফেডারেশনগুলোকে প্রকৃত ক্রীড়াবিদদের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সার্চ কমিটির মাধ্যমে বিভিন্ন ফেডারেশনের কমিটি পুনর্গঠন করা হচ্ছে। তিনি বলেন, বিগত সময়ে ক্রীড়াঙ্গনকে রাজনীতিকরণ করার কারণে ক্রীড়াক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্রীড়াক্ষেত্রে বিরাজনীতিকরণ এই সরকারের একটি গুরুত্বপূর্ণ নীতি। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন যতদিন তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন, ততদিন ক্রীড়াক্ষেত্রকে রাজনীতিকরণের কোনো সুযোগ দেওয়া হবে না। জবাবদিহিতার মাধ্যমে ক্রীড়ার উন্নয়ন বাস্তবায়ন করা হবে। তিনি জানান, আগামী অর্থবছর থেকে ফেডারেশনগুলোর বাজেট বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার।

এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাঁতারুদের মাঝে নতুন সম্ভাবনা খুঁজে বের করা এবং তাদের আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে এই আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন