২৭ আগস্ট ২০২৫, ২:২৯ পূর্বাহ্ণ
আলোকিত সিলেট ডেস্ক : সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম মঙ্গলবার সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, আজকের পর কারও কাছেই যদি অবৈধভাবে রাখা পাথর পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে আগামীকাল থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া শুরু হবে। তিনি স্পষ্টভাবে জানান, এখনও যাদের কাছে পাথর রয়েছে, তাদেরকে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও উল্লেখ করেন, অবৈধভাবে সরানো পাথরগুলো প্রতিস্থাপনের ওপর জোর দেওয়া হয়েছে। এ পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত মূল হোতাসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি সন্দেহভাজনদের গ্রেফতারের জন্য পুলিশ নিরলসভাবে কাজ করছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে শিগগিরই অন্যান্য জড়িতদেরও আটক করা সম্ভব হবে।
জেলা প্রশাসক এই পদক্ষেপে নিরীহ ও সাধারণ মানুষের যেন কোনো ধরনের ক্ষতি না হয়, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখছেন বলে জানান। পুলিশ, বিজিবি এবং যৌথবাহিনীর সমন্বয়ে কাজ করা হচ্ছে বলেই এ পর্যন্ত ২৬ লাখ ঘনফুট পাথর উদ্ধার সম্ভব হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পাথরগুলো সঠিকভাবে প্রতিস্থাপন করা গেলে এলাকাটি আবারও আগের অবস্থায় ফিরে যাবে।