শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ আগস্ট ২০২২, ৪:৫৬ পূর্বাহ্ণ

ত্রিমাত্রিক ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় :পুলিশ সুপার

আপডেট টাইম : আগস্ট ১৬, ২০২২ ৪:৫৬ পূর্বাহ্ণ



শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :সিলেটের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেছেন,ত্রিমাত্রিক ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। দেশীয় ক্ষমতালোভী চক্র, আন্তর্জাতিক চক্রান্ত ও স্বাধীনতা বিরোধী পাকিস্তানী দোসরদের ষড়যন্ত্রের ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে যারা বিতর্ক করে তাদের বাঙ্গালী পরিচয়ে থাকার অধিকার নেই। বঙ্গবন্ধুর অঙ্গুলির তর্জনীতে সাড়ে সাতকোটি মানুষ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তখন তো কোন বিভেদ ছিল না। তিনি ছিলেন সকলের নেতা। তাঁর অবস্থান ছিল দলমত নির্বিশেষে সবার উপরে।

তিনি উন্নত দেশ পরিচালনায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠা দেশপ্রেমিক সুনাগরিকের অনেক বেশি প্রয়োজন উল্লেখ করে বলেন, দেশকে ভালবাসতে হলে বঙ্গবন্ধুকে ভালবাসতে হবে।তিনি বলেন, দেশপ্রেমিক নাগরিকের বড় অভাব। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে তাঁর জীবনের কিছু অংশ উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু জনগণকে খুব বেশী ভালবাসতেন।এটি তাঁর শক্তিও ছিল, দুর্বলতাও ছিল। তাই নিজেকে ভালবাসলে, দেশকে ভালবাসলে বঙ্গবন্ধুকে অন্তরে খোঁজে পাওয়া যাবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বাংলাদেশে থাকার অধিকার নেই। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এবং তাদের আন্তর্জাতিক মদতদাতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে। তারা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধুর আদর্শ বাঙালি জাতির অন্তরে চির অম্লান থাকবে।

সোমবার সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ মকসুদের পরিচালনায়, এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক,বাংলাদেশ প্রতিদিনের সিলেট ব্যুরো প্রধান শাহ দিদার আলম চৌধুরী নবেল,বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা।

পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম আরো বলেন, বঙ্গবন্ধুর পুরো জীবনটাই সংগ্রামের। ভারত-পাকিস্তান যেদিন ভাগ হয়েছিল, সেদিনই বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন, পাকিস্তান বাঙালিদের জন্য নয়। আমাদের প্রয়োজন একটি স্বাধীন রাষ্ট্র্র। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশের মানুষদের অর্থনৈতিক মুক্তি। সে কাজটি করতে পারেননি তিনি। এর আগেই তাকে কাপুরুষরা তাকে হত্যা করেছে। তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন।

প্রধান অতিথি বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে ও সংকট উত্তরণে বঙ্গবন্ধু কাজ শুরু করেছিলেন। কিন্তু সদ্য স্বাধীন শিশু বাংলাদেশকে অংকুরেই বিনষ্ট করতে দেশীয় ক্ষমতালোভী ও স্বাধীনতা বিরোধী চক্র, আন্তর্জাতিক চক্রান্তকারী গোষ্ঠীর মদদে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। তিনি বলেন, এটি একটি বর্বর জঘন্য হত্যকান্ড।মানব ইতিহাসের সবচেয়ে কলংকময় অধ্যায়।গা শিউরে উঠে আজো। তিনি বলেন, যে পাকিস্তানীরা কবর খুঁড়েও বঙ্গবন্ধুকে হত্যা করার সাহস করেনি, সেখানে বিপথগামী অকৃতজ্ঞ কিছুসংখ্যক বাঙালীরা ক্ষমতার লোভে বঙ্গবন্ধুর মতো উদার ও মহান নেতৃত্বকে খুন করে। তিনি বলেন, যারা ইনডেমিনেটি আইন করে বঙ্গবন্ধুর খুনীদের বিচারকাজকে বাঁধাগ্রস্ত করেছিল, এরা কোন সভ্য দেশের কর্ণধার হতে পারে না।এরা ৭৫ পরবর্তী বাংলাদেশে একটি পথভ্রষ্ট, দিকভ্রান্ত ও উদ্ভ্রান্ত জাতি তৈরীর প্রয়াস চালিয়েছিল। তিনি বলেন, পাকিস্তানীরা গণহত্যা চালিয়েছিল নিরীহ বাঙ্গালীর উপর ১৯৭১ সালে। দীর্ঘ নয়মাস আমাদের নির্যাতন করেছে, আমাদের অসংখ্য মা বোনদের ইজ্জত লুটিয়ে নিয়েছে।

সভাপতির বক্তব্যে মুহিত চৌধুরী বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে গভীরভাবে ভালবাসতেন এবং বিশ্বাস করতেন। তিনি কখনও ভাবেননি এ দেশের কোন মানুষ তাকে হত্যা করবে। যাদের জন্য তিনি জীবনের ৪৬৮২ দিন কারাগারে কাটিয়েছেন। দেশ কে স্বাধীন করে দিয়েছেন।

শাহ দিদার আলম চৌধুরী নবেল বলেন, শুধু কথায়, সভায় সমাবেশে নয় ব্যক্তি জীবনে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে হবে। আমাদের কথায় এবং কাজে মিল থাকতে হবে। দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা হিসেবে গড়ে তুলতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ।

মুক্তাদির আহমদ মুক্তা বলেন পৃথিবীর প্রতিটি দেশে তাদের একজন জাতির পিতা রয়েছেন। জাতির পিতাকে নিয়ে তাদের মধ্যে কোন বির্তক নেই। আমাদের জাতির পিতা ব্ঙ্গবন্ধু শেখ মুজিবকে যারা মানতে চায়না তাদের এদেশে থাকার কোন অধিকার নেই।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি মোহাম্মদ গুলজার আহমদ হেলাল,সহ- সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল মুহিত দিদার, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য
দেবব্রত রায় দীপন ও মো.কামাল আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কার্যকরী পরিষদের সদস্য মো.সাইফুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন,ক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মবরুর আহমদ সাজু,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু,কার্যকরী পরিষদের সদস্য মাহমুদ খান, ক্লাব সদস্য আফরোজ খান, শাহিদুর রহমান জুয়েল , এম এ ওয়াহিদ চৌধুরী , জসিম উদ্দিন, লোকমান হাফিজ,তারেক আহমেদ,আবু জাবের,আব্দুল হাসিব,
হেনা মমো,তাসলিমা খানম বীথি, আলমগীর আলম প্রমুখ।

শেয়ার করুন