30 September 2022, 12:24 PM
নিজস্ব প্রতিবেদক
সিলেটে সাম্প্রতিককালে বয়ে যাওয়া ভয়াবহ বন্যায় জাতিসংঘের পক্ষ থেকে যেভাবে সহায়তা করা হয়েছিল, এমন যেকোনো দুর্যোগ মোকাবেলায় পাশে থাকবে সংস্থাটি।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের সঙ্গে জাতিসংঘের
বিভিন্ন এজেন্সির প্রতিনিধি দলের Central Emergency Response Fund (CERF) বিষয়ক এক বৈঠকে এমন তথ্য জানায় জাতিসংঘের বাংলাদেশের প্রতিনিধিদল।
বৈঠকে জাতিসংঘের মানবিক বিষয়ক কর্মকর্তা ও অন্তর্বর্তী উপদেষ্টা আলেয়া ভালদেস তার প্রতিনিধিদলে নেতৃত্ব দেন।
বৈঠক সম্পর্কে জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, বিগত বন্যায় সিলেটে জাতিসংঘের পক্ষ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। এজন্য বৈঠকে তাদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। তিনি বলেন, জাতিসংঘ প্রতিনিধিদল একমত হয়েছে যে, ভবিষ্যতেও যদি এরকম বন্যা বা কোনো দুর্যোগ আসে তা মোকাবেলায় সহায়তা করার জন্য জাতিসংঘের পূর্ব প্রস্তুতি রয়েছে।
জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনওয়ার সাদত, জাতিসংঘের মনবিক বিশেষজ্ঞ মো. কাজী শাহিদুর রহমান প্রমূখ।
সভায় সিলেট জেলায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘের কর্মকান্ড ও উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সিলেটে সাম্প্রতিক বন্যা মোকাবেলায় জেলা প্রশাসন, সিলেট এর সার্বিক কর্মতৎপরতার উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
এসময় বন্যা নিয়ন্ত্রণ ও বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার জন্য জেলা প্রশাসক,সিলেট জাতিসংঘের সহযোগিতা কামনা করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন, UNICEF, WFP, FAO ও জেলা প্রশাসন, সিলেটের কর্মকর্তাবৃন্দ।