২৫ ফেব্রুয়ারি ২০২৫, ৬:১৯ অপরাহ্ণ
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ ও মানবাধিকার কর্মী ফরিদা ইয়াসমিন জেসিকে তার দীর্ঘ কয়েক দশকের সমাজসেবা ও মানবাধিকার রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে “সিস্টার অব হিউম্যানিটি” উপাধিতে ভূষিত করা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, সোমবার রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত হোয়াইট হল বাফেটে এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল ইয়ুথ ডেভেলপমেন্ট কাউন্সিলের মহাসচিব জনাব সোহাগ মহাজন। ক্লিন রিভার বাংলাদেশের মহাসচিব জনাব মনোরঞ্জন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের মহানগর দক্ষিণের সভাপতি জনাব সাইফুল ইসলাম, ঢাকা ইয়ুথ ক্লাব ইন্টারন্যাশনালের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব সাজ্জাদ হুসাইন, আর্ন এন্ড লিভের উপদেষ্টা ও পরিচালক কমিটির সদস্য, আপাসান ইন্টারন্যাশনালের কান্ট্রি ডাইরেক্টর জনাব শাহ আল মাসুদ রানা এবং হাজ্ব উইথ আয়েশার চেয়ারম্যান আয়েশা চোধুরী।
অনুষ্ঠানে বক্তারা ফরিদা ইয়াসমিন জেসির সমাজসেবা ও মানবাধিকার রক্ষায় অবদানের কথা উল্লেখ করে তাকে অভিনন্দন জানান। ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক জনাব ইমাম হুসাইন, ডি ওয়াই সি ইন্টারন্যাশনালের সহ-সাধারণ সম্পাদক জনাব গাজী আক্কাস আলী, ক্লিন রিভার বাংলাদেশ ঢাকা জেলার ডিষ্ট্রিক ক্যাপ্টেন হুসাইন মোহাম্মদ ইমতিয়াজ এবং ক্লিন রিভার বাংলাদেশ নীলফামারী জেলার ডিষ্ট্রিক ক্যাপ্টেন জনাব আব্দুল জাব্বার প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বাংলাদেশের সর্ববৃহৎ যুব প্ল্যাটফর্ম “ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশ”-এর পক্ষ থেকে ফরিদা ইয়াসমিন জেসিকে সম্মাননা পদক, উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে ফরিদা ইয়াসমিন জেসি তার অনুভূতি প্রকাশ করে বলেন, “আমি অভিভূত এভাবে সম্মানিত হওয়ার জন্য। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। পৃথিবীর সম্মান আসে আল্লাহর সন্তুষ্টির উপর। আল্লাহ যেন পরকালেও আমাকে সম্মানিত করেন, সেই দোয়া সবার কাছে কামনা করি।”
অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলকে নিয়ে নৈশভোজের আয়োজন করা হয়।
আলোকিত সিলেট / এস এস