রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ মে ২০২৫, ১২:১৫ অপরাহ্ণ

বন্যাপ্রবণ এলাকায় প্রস্তুতি ও করণীয়: জীবন ও সম্পদ রক্ষার উপায়

আপডেট টাইম : মে ২৩, ২০২৫ ১২:১৫ অপরাহ্ণ



শেয়ার করুন

মাহফুজ কাউসার ছাদি : বাংলাদেশে প্রতিবছর বন্যা একটি সাধারণ দুর্যোগে পরিণত হয়, বিশেষত নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। বন্যার ক্ষয়ক্ষতি কমাতে এবং জীবন ও সম্পদ রক্ষায় আগাম প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্যার মৌসুম শুরুর আগেই কিছু সতর্কতা ও প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করলে বিপদ মোকাবেলা সহজ হয়।

বন্যাপ্রবণ এলাকায় বাড়ি নির্মাণের সময় উঁচু স্থান বেছে নেওয়া উচিত। নদীর তীরবর্তী এলাকায় বেড়িবাঁধের ভিতরে বাড়ি তৈরি করতে হবে, বাঁধের বাইরে বা চরে বসতবাড়ি নির্মাণ থেকে বিরত থাকা জরুরি। বাড়ির চারপাশে বেশি করে গাছ লাগানো উচিত, যা বন্যার পানির তোড় থেকে বাড়িকে রক্ষা করবে। বাড়ির ভিটি নিচু হলে মাটি দিয়ে উঁচু করে নিতে হবে এবং ঘরের মেঝে স্বাভাবিকের চেয়ে উঁচু করে তৈরি করতে হবে, যাতে বন্যার পানি ঘরে প্রবেশ না করে।

বন্যাপ্রবণ এলাকায় ঘর নির্মাণে শক্ত কাঠ বা ইট-সিমেন্ট ব্যবহার করা উচিত। খুঁটিগুলো যাতে পানিতে পঁচে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। ঘরের চারপাশ ইট-সিমেন্ট দিয়ে পাকা করা সম্ভব না হলে মাটি ও বাঁশের শক্ত কাঠামো দিয়ে সুরক্ষিত করতে হবে। এ ছাড়া ঘরের ভিত যাতে দ্রুত ক্ষয়ে না যায়, সে জন্য গুঁড়ি ও বাতা ব্যবহার করা যেতে পারে।

বন্যার সময় খাদ্য সংকট দেখা দিতে পারে, তাই আগে থেকেই শুকনো খাবার যেমন চিড়া, মুড়ি ও গুড় মজুদ রাখা উচিত। টিউবওয়েল উঁচু স্থানে স্থাপন করতে হবে, যাতে বন্যার পানিতে ডুবে না যায়। পানির বিশুদ্ধতা নিশ্চিত করতে ফিটকিরি বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সংগ্রহ করে রাখতে হবে।

বন্যার সময় ডায়রিয়া, টাইফয়েডের মতো রোগের প্রাদুর্ভাব বাড়ে। তাই ওরাল স্যালাইন তৈরি করার পদ্ধতি পরিবারের সদস্যদের শেখানো উচিত এবং প্রয়োজনীয় ওষুধ মজুদ রাখতে হবে। সাপের কামড় থেকে বাঁচতে কার্বলিক অ্যাসিড সংরক্ষণ করতে হবে। এ ছাড়া সবাইকে সাঁতার শেখানো জরুরি, যাতে জরুরি অবস্থায় নিজেদের রক্ষা করতে পারে।

গবাদিপশু বন্যাকবলিত নয় এমন এলাকায় পাঠানো বা বিক্রি করে টাকা সঞ্চয় করা যেতে পারে। বন্যার পর দ্রুত কৃষিকাজ শুরু করতে স্বল্পমেয়াদি ফসলের পরিকল্পনা করা উচিত। জমি চাষাবাদের জন্য কৃষি কর্মকর্তাদের পরামর্শ নেওয়া যেতে পারে।

বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ, তবে সঠিক প্রস্তুতি ও সচেতনতার মাধ্যমে এর ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ নিলে বন্যা মোকাবেলা করা সহজ হবে। তাই বন্যার মৌসুম আসার আগেই সবাইকে সতর্ক ও প্রস্তুত থাকতে হবে।

শেয়ার করুন