8 September 2026, 8:38 PM
স্টাফ রিপোর্টার : ফিবোনাচি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড স্টেম অলিম্পিয়াডের (FIRSO) বাংলাদেশ জাতীয় পর্ব ২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা। গত ০৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ‘মেজ সলভিং রোবট’ বিভাগে ৩৭তম ব্যাচের শিক্ষার্থী মাজেদুল ইসলাম নাঈম ও ৪৩তম ব্যাচের শিক্ষার্থী দিবাকর রায় দিব্য যৌথভাবে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছেন। একই বিভাগে ৪৩তম ব্যাচের আরেক শিক্ষার্থী মো. তারেক আহমেদ রানারআপ হয়েছেন। এছাড়া ‘ডিসপ্লে অ্যান্ড এন্টারপ্রেনারশিপ হেলথটেক’ বিভাগে রানারআপ হয়েছেন ৪৪তম ব্যাচের শিক্ষার্থী শ্রাবণ তালুকদার শুভ।
শিক্ষার্থীদের এই উল্লেখযোগ্য সাফল্যে গভীর আনন্দ প্রকাশ করে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন তাঁদের সৃজনশীলতা, কারিগরি দক্ষতা, নিষ্ঠা ও উদ্ভাবনী মানসিকতার ভূয়সী প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের এই ধারা অব্যাহত রাখতে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে উৎসাহিত করেন। এছাড়া ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোরশেদুল হকও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রকৌশলগত জ্ঞানকে উদ্ভাবনী সমাধানে রূপান্তরের ক্ষেত্রে তাঁদের কঠোর পরিশ্রম, দলীয় প্রচেষ্টা ও অধ্যবসায় প্রশংসনীয়। তিনি আরও উল্লেখ করেন, এই অর্জন কেবল একটি ট্রফি অর্জন নয়, বরং এটি লিডিং ইউনিভার্সিটির উদ্ভাবননির্ভর শিক্ষণ-সংস্কৃতির প্রতিফলন। রোবোটিক্স ও বুদ্ধিমান সিস্টেম থেকে শুরু করে হেলথটেক ও উদ্যোক্তা ধারণা—শিক্ষার্থীরা প্রকৌশলবিদ্যার প্রকৃত চেতনাকে কার্যকর সমাধানের মাধ্যমে তুলে ধরছে।