1 September 2026, 11:05 PM
ইমাম উদ্দিন, জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে মিনাটিলার বিজিবি ক্যাম্পের ওয়াচ টাওয়ার থেকে জামিল হাসান শিষ (২৫) নামে এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত জামিল হাসান শিষ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিনগর ইউনিয়নের ইশানঘাটি গ্রামের শেখ ফজলুর রহমানের ছেলে। তিনি সিপাহী নম্বর-১১৪১০১ হিসেবে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীন জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন। গত ২২ আগস্ট তিনি ওই বিওপিতে যোগ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে কোনো একসময় মিনাটিলা বিওপির ওয়াচ টাওয়ারে জামিল হাসান শিষ গলায় ফাঁস দেন। সকালে বিষয়টি জানতে পেরে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ও সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম ঘটনাস্থলে যান।
এ সময় ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম এবং স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিমও বিজিবি ক্যাম্পে উপস্থিত ছিলেন।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও বিজিবি কর্তৃপক্ষের উপস্থিতিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ সময় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। কী কারণে ওই বিজিবি সদস্য এমন ঘটনা ঘটিয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ বিষয়ে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।