,

7 March 2026, 3:42 AM

বাপুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : March 7, 2026 3:42 AM



শেয়ার করুন

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বাপুস এর সিলেট জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৫ থেকে ২০২৮ মেয়াদের আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৬ মার্চ নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় অবস্থিত হোটেল নির্ভানা ইন এর সম্মেলন কক্ষে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মোঃ মোরশেদ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বাপুস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সাংগঠনিক স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক মোহাম্মদ গোলাম এলাহী জায়েদ, কেন্দ্রীয় পরিচালক মাওলানা খলিলুর রহমান, কেন্দ্রীয় পরিচালক ও কেজি পুস্তক স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক গাজী নাসির, বাপুসের সাবেক সভাপতি ও পরিচালক মাহবুবুল আলম মিলন এবং মোঃ আনোয়ার রশিদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল এবং বাপুস সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রুকনুজ্জামান জহুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন অভিষেক কমিটির আহ্বায়ক ও বাপুস সিলেট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি জসীম উদ্দিন, সদস্য সচিব ও সহ সভাপতি মামুনুর রশিদ, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন, কোষাধ্যক্ষ ফখরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একটি জাতির জ্ঞান, মনন ও মূল্যবোধ গঠনে বই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি আলোকিত সমাজ গড়ে তুলতে বইয়ের বিকল্প নেই। তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান যুগেও বইয়ের গুরুত্ব কমেনি, বরং পরিকল্পিত উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে প্রকাশনা ও বই বিপণন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব।

তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের সংগঠনগুলোকে আরও সুসংগঠিত করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রকাশক ও বই বিক্রেতারা যদি নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করেন, তাহলে দেশের প্রকাশনা শিল্প আরও সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে সিলেট জেলার ১৩টি উপজেলার বিভিন্ন পর্যায়ের বই ব্যবসায়ী ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় তারা বই ব্যবসার বর্তমান অবস্থা, বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।

পরে নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং সবাই একসঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন।

জ্ঞান ও আলোর পথপ্রদর্শক বইকে কেন্দ্র করে এমন উদ্যোগ সমাজে চিন্তা, সংস্কৃতি ও শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

শেয়ার করুন