19 July 2026, 5:59 PM
বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনায় সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের মাধ্যমে ‘HEAT’ (Higher Education Academic Transformation Project) প্রকল্পের অধীনে “Empowering Women Entrepreneurs for Social Transformation: Collaborations between Academia and Support Services Institutions through Networking, Training and Developmental Strategies in Sylhet District” শীর্ষক চলমান গবেষণা প্রকল্পে নারী উদ্যোক্তা নির্বাচন পর্ব অনুষ্ঠিত হয়েছে।
‘ক্ষমতায়িত নারী, শক্তিশালী আগামীকাল’- প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারী-১ এ অনুষ্ঠিত নারী উদ্যোক্তা নির্বাচন পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও প্রকল্প ম্যানেজার প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া।
সফল উদ্যোক্তা হতে হলে নারীদের অভিষ্ট লক্ষ্যে আত্মবিশ্বাসী হতে হবে উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন,
উদ্যোক্তা হওয়ার জন্য আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ যতক্ষণ পযর্ন্ত নিজের উপর বিশ্বাস স্থাপন করা না যায় ততক্ষণ পর্যন্ত কোন কিছুই করা যায়না।
ব্যবসার সফল হওয়ার জন্য এবং নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য অবশ্যই নারীদের আত্নবিশ্বাসী হতে হবে। তিনি নারীদের উদ্দেশ্যে আরো বলেন, নিজের দক্ষতা, আগ্রহ, অভিজ্ঞতা ও শক্তির উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে পারলে উদ্যোক্তা জীবনে সফলতা পাওয়া সম্ভব। তাই নারী উদ্যোক্তা হওয়ার জন্য নিজের লক্ষ্য ও দক্ষতা শনাক্ত করা, নিজেকে আত্মবিশ্বাসী করে তোলা, ব্যবসার পূর্ব পরিকল্পনা করা, দক্ষতা অর্জন করা, এবং নেটওয়ার্কিং বৃদ্ধি করে নিজের পরিচয় তৈরি করতে হবে। পরিশেষে তিনি নারী উদ্যোক্তাদের সফলতা কামনা করেন এবং তাদেরকে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করার জন্য লিডিং ইউনিভার্সিটির ব্যাবসায় প্রশাসন বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া একটি প্রবাদ “পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর” উল্লেখ করে বলেন, এযুগে নারীরা কোনভাবে পিছিয়ে নেই। পুরুষদের সাথে তাল মিলিয়ে তারাও বিভিন্নভাবে সফলতা অর্জন করছে এবং এগিয়ে যাচ্ছে। বর্তমান যুগে মেয়েদের মধ্যে আত্মনির্ভরশীল হওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। আর তাই নিজের একটি ব্যবসা শুরু করার মাধ্যমে অনেক নারীই হয়ে উঠছেন উদ্যোক্তা। তিনি আরো বলেন, ইউজিসি ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাংলাদেশের সমস্ত সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫০০টি প্রকল্পের মধ্যে থেকে নির্বাচিত ১৫১টি প্রস্তাবনার অন্যতম সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একমাত্র লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ এই প্রকল্পটি পেয়েছে।
অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন অঞ্চলের নারী উদ্যোক্তাগণ, এসোসিয়েট প্রকল্প ম্যানেজার ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, প্রকল্পের সদস্য ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ওয়াহিদা আক্তার, আনোয়ার আহমেদ আরিফ এবং লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।