শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ জুলাই ২০২৫, ১:১৩ পূর্বাহ্ণ

ব্যর্থতা নয়, শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে: ভিসি ড. জহিরুল হক

আপডেট টাইম : জুলাই ১৯, ২০২৫ ১:১৩ পূর্বাহ্ণ



শেয়ার করুন

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শিক্ষার্থীদের ব্যর্থতাকে পাথরবাটা হিসেবে না দেখে, তা থেকে শিক্ষা নিয়ে ইতিবাচক মনোভাব ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, “ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ইতিবাচক মনোভাব সহযোগে এগিয়ে গেলেই আসবে সফলতা।” গত ১৮ জুলাই শুক্রবার সকাল ১০টায় হবিগঞ্জ শহরের জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত এক বিশেষ পরামর্শ ও অনুপ্রেরণামূলক সভায় তিনি এসব কথা বলেন। এই সভার আয়োজন করা হয়েছিল স্কুলের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল করতে না পারা এবং অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং আগামী পরীক্ষায় ভালো করার কৌশল নিয়ে দিকনির্দেশনা দিতে।

প্রফেসর ড. জহিরুল হক, যিনি এই বিদ্যালয়েরই প্রাক্তন কৃতি শিক্ষার্থী, তার বক্তব্যে এসএসসি পরীক্ষাকে শিক্ষাজীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “এসএসসি পরীক্ষা ছাত্র-ছাত্রীদের কেবল উচ্চশিক্ষার জন্য প্রস্তুত করে না; বরং পুরো জীবনের ভিত্তি রচিত হয় এ ধাপে।” তাই এই স্তরে বিপত্তি ও চ্যালেঞ্জ সঠিকভাবে মোকাবিলা করা অত্যন্ত জরুরি বলে তিনি মত দেন। তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, সময়ের সঠিক ব্যবহার এবং গভীর মনোযোগ সহকারে অধ্যয়নের পরামর্শ দেন। তার মতে, সফলতার জন্য সময় ব্যবস্থাপনা তথা পরীক্ষার জন্য একটি উপযুক্ত সময়সূচি তৈরি, নিয়মিত অনুশীলন, দুর্বলতাগুলো চিহ্নিত করে সেই বিষয়গুলিতে বেশি মনোযোগ দেওয়া এবং এ ক্ষেত্রে শিক্ষক ও জ্যেষ্ঠ শিক্ষার্থীদের পরামর্শ গ্রহণ করে সর্বদা ইতিবাচক মনোভাব ধরে রাখতে হবে।

এই বিশেষ সভার আয়োজন করা হয় জিকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ ও এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে। এর পটভূমি হলো গত সপ্তাহে বিদ্যালয়টির ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জনে ব্যর্থতা নিয়ে আয়োজিত একটি মূল্যায়ন সভা। ওই সভায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার পূর্বে ব্যর্থ শিক্ষার্থীদের গল্প শোনার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন, যাতে তারা ব্যর্থতার গ্লানি কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে। ব্যর্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের অনুপ্রাণিত করাই ছিল এই ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগের মূল লক্ষ্য।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মোঃ আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পরামর্শ ও অনুপ্রেরণামূলক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোতাব্বির হোসেন, সিনিয়র শিক্ষক শেখ মোঃ কামাল উদ্দিন, সিনিয়র শিক্ষক মোঃ নাঈম আহমেদ, প্রাক্তন শিক্ষার্থী শেখ মোঃ ওসমান গণি রুমি, যাইদুর রহমান সৌরভ, আরাফাত মাহমুদ রাহী, আবু নাসের মোঃ সামী প্রমুখ।

সভায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মোঃ আবুল হাসান আগামী এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে প্রয়োজনীয় সবকিছু করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রাক্তন শিক্ষার্থীরাও বিদ্যালয়ের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন। প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক সভার শেষে আবারও শিক্ষার্থীদের উদ্দেশ্যে জোর দিয়ে বলেন, তারা যেন কোনোভাবেই নিজেদের অসহায় না ভাবেন এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে পড়াশোনা চালিয়ে যান।

শেয়ার করুন