শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ এপ্রিল ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ণ

শাবিপ্রবির ভর্তি ফি বৃদ্ধি: নিম্নবিত্ত শিক্ষার্থীদের জন্য হুমকি

আপডেট টাইম : এপ্রিল ১০, ২০২৫ ১২:১৯ পূর্বাহ্ণ



শেয়ার করুন

মাহফুজ কাউসার ছাদি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষের ১৭,০০০ টাকা ভর্তি ফি নির্ধারণের সিদ্ধান্তকে নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শিক্ষার্থীদের শিক্ষার অধিকার হরণের ষড়যন্ত্র হিসেবে দেখছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শাবিপ্রবি সংসদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে।

বর্তমান আর্থিক সংকটের মধ্যে দেশের অধিকাংশ পরিবার সংগ্রাম করছে। এমন পরিস্থিতিতে শাবিপ্রবির ভর্তি ফি বৃদ্ধি নিম্নআয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা থেকে বঞ্চিত করবে। অনেক মেধাবী শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও আর্থিক অসঙ্গতির কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ফি বৃদ্ধির পেছনে প্রতিষ্ঠানের ব্যয় ও উন্নয়নমূলক কাজের কথা বললেও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শাবিপ্রবি সংসদ এটিকে অযৌক্তিক মনে করে। তাদের মতে, সরকারি বাজেটে শিক্ষাখাতের বরাদ্দ বাড়ানোর পরিবর্তে শিক্ষার্থীদের উপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে, যা উচ্চশিক্ষাকে সাধারণের নাগালের বাইরে নিয়ে যাচ্ছে।

ছাত্র ইউনিয়নের দাবি, শিক্ষা একটি মৌলিক অধিকার, যার বাণিজ্যিকীকরণ করা উচিত নয়। তারা দীর্ঘদিন ধরে শিক্ষাখাতে বাড়তি ব্যয় ও ফি বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করে আসছে। শাবিপ্রবির এই সিদ্ধান্ত শুধু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই নয়, সারাদেশের শিক্ষাব্যবস্থার জন্য নেতিবাচক প্রভাব ফেলবে।

২০২৫ সালের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি বিশ্লেষণে দেখা গেছে, শাবিপ্রবির ভর্তি ফি অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় অনেক বেশি, যা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শাবিপ্রবি সংসদ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে তা অবিলম্বে প্রত্যাহার ও ন্যায্য ভর্তি ফি নির্ধারণের দাবি জানিয়েছে। তাদের সতর্কবার্তা, শিক্ষার অধিকার রক্ষায় এই ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আন্দোলন চালিয়ে যাবে। এই সিদ্ধান্তের ফলে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় কী ধরনের প্রভাব পড়বে, তা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

শেয়ার করুন