৩ সেপ্টেম্বর ২০২৫, ৯:৫২ অপরাহ্ণ
লিডিং ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের আন্তঃক্লাব ফুটসাল টুর্নামেন্ট’২৫ সিজন ৩ শুরু হয়েছে। ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলার উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে সুপ্রতিষ্ঠিত হতে ভালোভাবে পড়াশোনা করে জ্ঞানার্জনের পাশাপাশি খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রমেও অংশগ্রহণ ও সম্পৃক্ত থাকতে হবে।
তিনি আরও বলেন, খেলাধুলা তার অনেক পছন্দের, আর সেজন্য রাগীব নগরে রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি প্রতিষ্ঠা করেছেন, যেখানে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা সুদক্ষ প্রশিক্ষকের কাছে প্রশিক্ষণ নিচ্ছে এবং বিভিন্ন টুর্নামেন্টে কৃতিত্বের সাথে অংশগ্রহণ করছে। তিনি আজকের এ টুর্নামেন্টের আয়োজন করার জন্য লিডিং ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবসহ অংশগ্রহণকারী সকল ক্লাবকে ধন্যবাদ জানান এবং সবসময় এতে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, পড়াশোনা করে ভালো রেজাল্ট করা যেমন প্রয়োজন, তেমনি শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও একতা বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ। তাই খেলাধুলাসহ অন্যান্য কারিকুলার এক্টিভিটিজে শিক্ষার্থীদের অংশগ্রহণ করার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, লিডিং ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান, বিভিন্ন ক্লাবের উপদেষ্টা, বিভাগীয় প্রধান, স্পোর্টস ক্লাবের সহ-উপদেষ্টা মো. সাজেদুল ইসলাম সরকার, স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট মো. আসিফুর রহমান দিপু এবং সেক্রেটারি আলী আহমেদ মাসুম সহ ক্লাব সদস্যবৃন্দ।
এবারের টুর্নামেন্টে মোট ১২টি দল ৪টি গ্রুপে খেলবে। আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছে “এডুকেশন হাব”।