22 February 2026, 8:53 PM
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং সিলেট জেলা ক্রিকেট কমিটির পরিচালনায় ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৫-২০২৬ (টায়ার-১, সিলেট ভেন্যু) এর শুভ উদ্বোধন ২২ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার সকাল সাড়ে ৮টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহবায়ক মোঃ সারওয়ার আলম। তিনি প্রতিযোগিতার মূল উদ্দেশ্যকে সমুন্নত রেখে ক্রীড়াসুলভ আচরণের মাধ্যমে জাতীয় পর্যায়ের ক্রিকেটার তৈরীর পাইপলাইন সমৃদ্ধ করতে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে ভেন্যু হিসেবে মনোনীত করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য ওয়াহিদ উমায়ের, সিলেট জেলা ক্রিকেট কমিটির সম্পাদক আলী ওয়াসিক উজ্জ জামান চৌধুরী অনি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট আম্পায়ার মোঃ শাহ আলম ও উজ্জ্বল বখত, ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রিকেট দলের ম্যানেজার শামীম ভূঁইঞা, ফেনী জেলা ক্রিকেট দলের ম্যানেজার কফিল মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার।
উদ্বোধনী দিনে ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলা ক্রিকেট দলের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়। টসে জিতে ফেনী জেলা ক্রিকেট দল ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রিকেট দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ম্যাচের স্কোরকার্ড সংযুক্ত রয়েছে।
প্রতিযোগিতার দ্বিতীয় দিন ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সকাল ৯টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ঢাকা জেলা ক্রিকেট দল বনাম কিশোরগঞ্জ জেলা ক্রিকেট দলের ম্যাচ। প্রতিদিন মাঠে এসে খেলা উপভোগ করার জন্য সিলেটের সর্বস্তরের জনসাধারণের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন সিলেট জেলা ক্রিকেট কমিটির সম্পাদক আলী ওয়াসিক উজ্জ জামান চৌধুরী অনি এবং সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন।