১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বলেছেন,শিশুদের দেশের মানবসম্পদে রূপান্তর করতে হবে।শিশুরা ভবিষ্যতে সমাজের নেতৃত্ব দিবে।তাই তাদেরকে উপযোগী করে গড়ে তুলতে হবে।তিনি বলেন,সরকারি শিশু পরিবারের বাসিন্দারা আমাদের পরিবারের মত। তাদের জীবন মান উন্নয়ন সহ সুশিক্ষা নিশ্চিত করে তাদেরকে জনসম্পদে রূপান্তর করতে হবে। তারা প্রকৃত মানুষ হয়ে দেশের জন্য অবদান রাখবে বলে আমার বিশ্বাস। এজন্য সরকার তাদেরকে সহযোগিতা করতে অঙ্গীকারবদ্ধ।তিনি শিশু পরিবারের শিশুদের সকল সমস্যা দূরীকরণে সরকার কাজ করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।
তিনি বৃহষ্পতিবার(১৯ ফেব্রুয়ারি) সরকারি শিশু পরিবার(বালিকা) রায়নগর,সিলেট এর শিশুদের সাথে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।জেলা সমাজসেবা কার্যালয়,সিলেট এর উপ-পরিচালক আব্দুর রফিকের সভাপতিত্বে ও উপ-তত্ত্বাবধায়ক জাহানারা বেগমের সঞ্চালনায় শিশু পরিবার মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসকের স্টাফ ও মিডিয়া অফিসার (সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট) তানভীর হোসাইন সজীব,জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
এছাড়া এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক,সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সমাজসেবা অফিসার মুনতাকা চৌধুরী,ব্যাংকার ইকবাল আহমদ,শিশু পরিবারের প্রধান ক্বারী ও কোরআন প্রশিক্ষক মাওলানা আতাউর রহমান,সমাজসেবা কার্যালয়ের অন্যান্য অফিসারবৃন্দ,সাংবাদিক ও সুধীজন।
পবিত্র রমজান মাসের প্রথম দিনে জেলা প্রশাসক সরকারি শিশু পরিবার (বালিকা)-এ উপস্থিত হয়ে শিশুদের সঙ্গে ইফতার সম্পন্ন করেন। এ সময় তিনি শিশুদের খোঁজখবর নেন এবং তাদের কল্যাণ কামনা করেন।