,

3 September 2026, 1:07 PM

রাজনীতি ও চাঁদা দাবির বলি নির্দোষ সুলাইমান: চার মাসেও খোঁজ মেলেনি, আতঙ্কে পুরো পরিবার

আপডেট টাইম : September 3, 2026 1:07 PM



শেয়ার করুন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

রাজনীতির মারপ্যাঁচে পড়ে এক নিরপরাধ যুবক নিখোঁজ হওয়ার চার মাস পার হতে চললেও আজও তাঁর কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ যুবকের নাম সুলাইমান হুসেন। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হাসামপুর গ্রামের বাসিন্দা। সুলাইমান জীবিত আছেন না কি আর নেই তা নিয়ে চরম উদ্বেগ ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে তাঁর পরিবার।
পরিবারের অভিযোগ, সুলাইমানের ভাই নোমান আহমদ সাবেক শাসকদলের ছাত্রসংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ভাইয়ের এই রাজনৈতিক পরিচয়ের সূত্র ধরেই পরিবারের ওপর নেমে আসে একের পর এক হামলা, হুমকি ও মারধর। চাওয়া হয় মোটা অঙ্কের চাঁদা।

স্বজনরা জানান, গত ১৭ এপ্রিল রাতে চাঁদার দাবিতে নোমানের মা নেয়ারুন নেছাকে মারধর করে দুর্বৃত্তরা। সে সময় বড় ভাই সুলাইমান হুসেন প্রতিবাদ করতে এগিয়ে এলে তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। সেই রাতের পর থেকে সুলাইমান আর ঘরে ফেরেননি।

স্বজনদের দাবি, নোমানের রাজনৈতিক বিরোধের জেরে তাঁর নির্দোষ ভাইকে গুম করা হয়েছে এবং প্রতিনিয়ত বাড়িঘরে হামলা ও ভাঙচুরের কারণে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। স্বজনদের রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে উটে সুলাইমানকে উদ্ধার করে এবং ঘটনার মূল হোতাদের আইনের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন তারা।

অন্যদিকে, স্থানীয় ইউনিয়নের একাধিক মুরব্বি জানান, নোমান আহমদ ছাত্রলীগের একজন আত্মগোপনে থাকা নেতা এবং তাঁর বিরুদ্ধে এলাকায় কিছু অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা কতটুকু এবং সুলাইমানের গুম হওয়ার পেছনে আসল কারণ কী, তা নিরপেক্ষভাবে পুলিশি তদন্তের দাবি জানান তারা।

শেয়ার করুন