২৭ জানুয়ারি ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
সিলেটে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস বলেন, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারত একটি সার্বভৌম ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। তিনি ভারত-বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান এবং বর্তমান সময়ে দুই দেশের ক্রমবর্ধমান সহযোগিতার ধারাবাহিকতা দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করেছে। তিনি আরও বলেন, ভৌগোলিক নিকটতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে বাংলাদেশ ও ভারত একে অপরের গুরুত্বপূর্ণ অংশীদার, এবং দুই দেশের তরুণ সমাজ, অর্থনৈতিক সম্ভাবনা ও আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, ভারত একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
সোমবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেট এলাকার একটি অভিযাত হোটেলে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ সমাজের বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং দুই দেশের ঐতিহাসিক বন্ধন, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতি সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। স্থানীয় বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়, যা অতিথিদের মুগ্ধ করে। সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দুই দেশের সংস্কৃতির সৌন্দর্য ও ঐক্যের বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধন আরও সুদৃঢ় করে। তারা সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন। অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।
এর আগে সোমবার সকালে নগরীর শাহজালাল উপশহরে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন প্রাঙ্গণে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। সেখানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীরা অংশ নেন। এ আয়োজনে যোগব্যায়াম ও ধ্যান কর্মসূচির পাশাপাশি দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয়।