রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২২ এপ্রিল ২০২৫, ১০:০৯ অপরাহ্ণ

ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের

আপডেট টাইম : এপ্রিল ২২, ২০২৫ ১০:০৯ অপরাহ্ণ



শেয়ার করুন

মোঃ আয়মান, দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় বজ্রপাতে  ধান কাটতে সময়এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় একই দিনে আরও তিনজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম ইকবাল হোসেন (৪০)। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় দিরাইয়ের ভরাম হাওরে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে তিনি মারাত্মকভাবে আহত হন। সঙ্গীরা তাকে দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা. নাজিয়া মানালুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইকবাল হোসেন ভোলা জেলার রসুলপুর উপজেলার রসুলপুর গ্রামের সালা উদ্দিনের ছেলে। তিনি দিরাই পৌরসদরের চন্ডিপুর গ্রামে ধানকাটার কাজ করতে এসেছিলেন।

ইকবালের ভগ্নীপতি সচির উদ্দিন জানান, “ধান কাটার সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে আমরা জমি থেকে উঠতে চাইছিলাম। এমন সময় প্রচণ্ড শব্দে একটি বজ্রপাত হয়। ইকবাল মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।”

এদিন সকালেও দিরাই উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে তিনজন আহত হন। আহতরা হলেন দিরাই পৌরসদরের চন্ডিপুর গ্রামের হাফেজ মাওলানা হাবিবুর রহমান, ভাঙ্গাডহর গ্রামের ইসমাইল মিয়া (৫০), কাদিরপুর গ্রামের সেলিম মিয়ার মেয়ে পাপিয়া আক্তার (১৮)।

এদের মধ্যে হাবিবুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বজ্রপাতে নিহত ও আহত হওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, “এ ধরনের দুর্ঘটনা রোধে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। বজ্রপাতের সময় উন্মুক্ত স্থানে থাকা বিপজ্জনক।”

বজ্রপাতে প্রাণহানি ও আহতের ঘটনা ক্রমশ বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী, বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করা এবং গাছ বা উঁচু স্থান এড়িয়ে চলা উচিত।

শেয়ার করুন