৫ জুন ২০২৬, ১:০২ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার : সিভিল সার্জন অফিস, সিলেট ও জেলা প্রশাসন, সিলেটের যৌথ উদ্যোগে সিলেট মহানগরীর দরগা মহল্লা এলাকার কয়েকটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মহানগর হাসপাতাল, পাইওনিয়ার হাসপাতাল, ল্যাব ডেল্টা ডায়াগনস্টিক সেন্টার এবং আশ শেফা ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়। পরিদর্শনে মহানগর হাসপাতালের বৈধ লাইসেন্স না থাকা, মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান না করা এবং হাসপাতাল পরিচালনায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ল্যাব ডেল্টা ডায়াগনস্টিক সেন্টারে অনিরাপদ ও মানহীন সেবা প্রদানের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
পাইওনিয়ার হাসপাতাল এবং আশ শেফা ডায়াগনস্টিক সেন্টারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানসহ ভবিষ্যতে বিধি-বিধান মেনে সেবা কার্যক্রম পরিচালনার জন্য সতর্ক করা হয়।
অভিযানে স্বাস্থ্য বিভাগের পক্ষে ডা. আবু সালমান মো. সাইফুল ইসলাম (মেডিকেল অফিসার ও কো-অর্ডিনেটর, সিভিল সার্জন অফিস, সিলেট) এবং শেখর কান্তি পাল (জেলা স্যানিটারি ইন্সপেক্টর, সিলেট) উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন মো. পারভেজ (নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট)।
জনস্বার্থে স্বাস্থ্যসেবার মান নিশ্চিতকরণ, অনিয়ম প্রতিরোধ এবং নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।