৬ মে ২০২৫, ৮:২৩ অপরাহ্ণ
দিরাই প্রতিনিধি: জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বজ্রপাতে মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বাড়ছে। সুনামগঞ্জের দিরাই উপজেলায় এই সমস্যা বিশেষভাবে ভয়াবহ রূপ নিয়েছে। বৈশাখের রোদে ঝলমলে দিনেও কালবৈশাখী ঝড় ও বজ্রপাত এখন নিত্যদিনের আতঙ্কে পরিণত হয়েছে।
বর্তমানে উপজেলার অধিকাংশ কৃষক একফসলী ধান ঘরে তোলার কাজে ব্যস্ত। ধান কাটা, মাড়াই ও শুকানোর জন্য তারা দীর্ঘ সময় মাঠে থাকেন, এমন সময় হঠাৎ ঝড় ও তীব্র বজ্রপাতের কবলে পড়ে প্রায়ই প্রাণহানি ও আহতের ঘটনা ঘটে।
দিরাই উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ৮টি বজ্রপাতের ঘটনায় ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। তবে স্থানীয় বাসিন্দাদের মতে, প্রকৃত সংখ্যা আরও বেশি। এই ঘটনাগুলোয় জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।
বজ্রপাতের প্রধান মৌসুম মার্চ থেকে আগস্ট পর্যন্ত হলেও এ থেকে রক্ষা পেতে সরকারি পর্যায়ে তেমন কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
এ বিষয়ে দিরাই উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক সোয়েব হাসান বলেন, “বজ্রপাত প্রাকৃতিক ঘটনা হলেও সচেতনতা ও প্রস্তুতির মাধ্যমে এর ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। এ জন্য পাঠ্যপুস্তকে বিষয়টি অন্তর্ভুক্ত করা, বজ্রনিরোধক টাওয়ার নির্মাণ এবং উঁচু গাছ লাগানো জরুরি।”
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার জানান, বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি আর্থিক সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, “বজ্রপাতের সময় সতর্কতা বাড়ানোসহ জনসচেতনতা তৈরির জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে আরও সম্প্রসারিত করা হবে।” এ সময় তিনি সবাইকে বজ্রপাতের সময় সতর্ক থাকার আহ্বান জানান।