২৭ মার্চ ২০২৫, ১১:৫২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার : নগরীর সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে তালুকদার বাড়ি ফাউন্ডেশন। আজ সকালে আখালিয়া নতুন বাজারস্থ মোহাম্মদী আবাসিক এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, “দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান অপরিসীম। যেকোনো দুর্যোগ ও সংকটে আমরা প্রবাসী বাংলাদেশিদের পাশে পেয়েছি। তারা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।”
তিনি আরও বলেন, “চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এখন দেশে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। তাই এই নতুন বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
মুসলিম নগর জামে মসজিদের মোতাওয়াল্লি হাজী মোঃ ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর (সংরক্ষিত) রেবেকা বেগম রেনু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সমাজকর্মী ইকবাল আহমদ, বিশিষ্ট মুরব্বি মহাদ্দুস আলী, সাইফুল ইসলাম মাস্টার, খয়রুল ইসলাম, মুসলিম নগর জামে মসজিদের ইমাম হাফিজ কারি ইমন আহমেদ, মুসলিম নগর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ কারি কামিল আহমদ, তরুণ সমাজসেবক আব্দুর রাজ্জাক রাজন ও শিল্পী হেলাল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ উদ্যোগে স্থানীয় গরীব-অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেয়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে তালুকদার বাড়ি ফাউন্ডেন।