শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ জুন ২০২৫, ১১:৪৬ অপরাহ্ণ

এমসি কলেজে ছাত্রশিবিরের কুরবানি ও মধ্যাহ্নভোজের আয়োজন

আপডেট টাইম : জুন ৯, ২০২৫ ১১:৪৬ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কুরবানি ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। গতকাল রোববার (৮ জুন) কলেজ ছাত্রাবাসে ছাত্রশিবিরের এমসি কলেজ শাখার ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে কলেজের বিভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

ঈদের ত্যাগ ও আনন্দ সকলের মধ্যে ভাগাভাগি করার লক্ষ্যে এই আয়োজন করা হয়। এতে একটি গরু ও একটি খাসি কুরবানি করা হয়। কুরবানির পর ছাত্রাবাসের ডাইনিং হলে কলেজের কর্মচারী, ছাত্রাবাসের শিক্ষার্থী এবং শহরে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য আলাদাভাবে খাসি জবাই করা হয়। পরে শিক্ষার্থী, কর্মচারী ও স্থানীয় অসহায় মানুষদের মধ্যে গরু ও খাসির মাংস বিতরণ করা হয়।

এমসি কলেজ ছাত্রশিবিরের সভাপতি ইসমাঈল খান সৌরভ বলেন, “কলেজের বিভিন্ন ধর্মের শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। আমরা গরু ও খাসি কুরবানি করে সকলকে নিয়ে মধ্যাহ্নভোজ করেছি এবং মাংস বিতরণ করেছি। যারা আমাদের পেইজে জানিয়েছিলেন, তাদের বাড়িতেও মাংস পৌঁছে দেওয়া হচ্ছে। ছাত্রশিবির সবসময় সাধারণ শিক্ষার্থীদের নিয়েই কাজ করে। আমরা ইতিবাচক ছাত্ররাজনীতির মাধ্যমে সকলের মনে থাকতে চাই। আগে স্বৈরতান্ত্রিক সরকারের সময় প্রকাশ্যে এমন আয়োজন করা সম্ভব হয়নি। এখন শিক্ষার্থীদের নিয়ে একটি উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।”

শেয়ার করুন