শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১ মার্চ ২০২৬, ৩:৫০ পূর্বাহ্ণ

নানা শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : মার্চ ১, ২০২৬ ৩:৫০ পূর্বাহ্ণ



শেয়ার করুন

সিলেটে বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের অংশগ্রহণে সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। নগরীর জিন্দাবাজার এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে রাজনীতি, কূটনীতি, শিক্ষা, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, ব্যবসা, গণমাধ্যম, এনজিও ও ছাত্র নেতৃত্বসহ সমাজের নানা স্তরের ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

২৮ ফেব্রুয়ারি শনিবার বিকেলে আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে অনলাইন সাংবাদিকতার গুরুত্ব ক্রমাগত বাড়ছে। সময়োপযোগী ও দ্রুত সংবাদ পরিবেশনের কারণে মূলধারার গণমাধ্যমও এখন ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছে। তবে অনলাইনভিত্তিক সংবাদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বস্তুনিষ্ঠ ও নির্ভুল তথ্য উপস্থাপনের চ্যালেঞ্জও বৃদ্ধি পেয়েছে। এ প্রেক্ষাপটে সিলেটের ডিজিটাল পরিসরে গুজব প্রতিরোধ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় সিলেট অনলাইন প্রেসক্লাব কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রক্রিয়ায় অনেক সহযোদ্ধা প্রাণ দিয়েছেন, তাদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা ও দোয়া কামনা করেন। তিনি বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে জনগণ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে। সরকারের আস্থায় তিনি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন উল্লেখ করে নগরবাসীর আধুনিক সুবিধা নিশ্চিত ও বহুমুখী সমস্যা সমাধানে ইতিবাচকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নগর উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী অনিরুদ্ধ দাস সিলেট অনলাইন প্রেসক্লাবকে ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং তিনি আশা করেন এ দায়িত্ব যথাযথভাবে অব্যাহত থাকবে। পবিত্র রমজান মাসকে আত্মশুদ্ধি ও ত্যাগের সময় হিসেবে উল্লেখ করে তিনি সবার মঙ্গল কামনা করেন।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, ভারতীয় সহকারী হাই কমিশনের প্রেস সচিব রাজেশ ভাটিয়া, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর ও মিডিয়া দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, সিলেট মেট্রোপলিটন চেম্বারের কোষাধ্যক্ষ জহির হোসেন, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোস্তাক আহমদ, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব ও সহকারী কমিশনার মাসুদ রানা, বাংলাদেশ বেতার সিলেটের সহকারী পরিচালক দেলওয়ার হোসেন ও ইকবাল আহমদ, প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ও সিনিয়র আইনজীবী মো. ইরফানুজ্জামান চৌধুরী, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক অ্যাডভোকেট রফিকুল হাসান লোদী, সিলেট মহানগর শিবিরের সভাপতি শহিদুল ইসলাম সাজু এবং জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক শাহিন আলম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুল মুহিত দিদার, সহসভাপতি জহিরুল ইসলাম মিশু, সহসাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধ্যক্ষ শহীদুর রহমান জুয়েল, সাবেক কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তারেক আহমদ খান, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, তথ্যপ্রযুক্তি সম্পাদক কামরুল আলম, দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না, কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ এবং অন্যান্য সাংবাদিক ও অতিথিরা।

সামাজিক সম্প্রীতি, পেশাগত দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার বার্তা নিয়েই শেষ হয় এ আয়োজন। ইফতারের এই মিলনমেলা যেন স্মরণ করিয়ে দেয়, তথ্যের জগতে সত্য ও নৈতিকতার চর্চাই পারে সমাজকে আলোকিত করতে এবং একটি সুস্থ, সচেতন ও মানবিক ভবিষ্যৎ নির্মাণে পথ দেখাতে।

শেয়ার করুন