৫ মার্চ ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
জগন্নাথপুর প্রতিনিধি:-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তৃতীয় তলা থেকে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম সাজাদ মিয়া, বয়স প্রায় সত্তর বছর। তিনি জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের মৃত আছলম উল্লার ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে গত ২ মার্চ তিনি জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের তৃতীয় তলার পুরুষ ওয়ার্ডে চিকিৎসার জন্য ভর্তি করেন।
বুধবার ৫ মার্চ ভোররাত প্রায় চারটার দিকে হাসপাতালের তৃতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ওসমানী হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. তানজিম হোসেন।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান করা হচ্ছে।