,

16 September 2022, 12:15 PM

সিলেটে প্রবাসী কল্যাণ ডেস্ক হটলাইন চালু করল জেলা পুলিশ

আপডেট টাইম : September 16, 2022 12:15 PM



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার :প্রবাসী ও বিদেশে গমনেচ্ছুদের জন্য পৃথক দুটি হেল্প ডেস্ক চালু করেছে সিলেট জেলা পুলিশ। হেল্প ডেস্ক দুটি হচ্ছে- ‘প্রবাসী কল্যাণ ডেস্ক হটলাইন’ ও ‘ওয়ানস্টপ সার্ভিস ফর পুলিশ ক্লিয়ারেন্স’। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।৩৬০ আউলিয়ার আধ্যাত্মিক নগরী সিলেট। এখানকার বেশিরভাগ মানুষের আত্মীয়-স্বজন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনীতিতে বিশেষ অবদান রাখছেন। বেশিরভাগ প্রবাসী ছোটখাটো সমস্যা নিয়ে দূর-পরবাস হতে দেশে আসতে হয়। যা অত্যন্ত ব্যয়-বহুল ও সময় সাপেক্ষ। বিষয়টি অনুধাবন করতে পেরে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পুলিশ সুপার কার্যালয়ে গতকাল দুপুরে প্রবাসী কল্যাণ ডেস্ক হটলাইন নম্বর এর শুভ উদ্বোধন করেন। প্রবাসী কল্যাণ ডেস্ক হটলাইন-০১৩২০১১৭৯৭৯ এই একটি নম্বরে প্রবাসীরা বিশ্বের যে কোন প্রান্ত হতে দিনে-রাতে ২৪ ঘন্টায় যে কোন সময় কল করে নিজেদের সমস্যার কথা বলে তাৎক্ষনিক পুলিশী সেবা নিতে পারবেন। এর মাধ্যমে সিলেটের প্রবাসীরা তাদের কাঙ্খিত সেবা পাবে বলে সিলেটের পুলিশ সুপার আশাবাদ ব্যক্ত করেন।

পুলিশ সুপার জানান, প্রবাসীরা দেশে এসে কোনো সমস্যায় পড়লে বা বিদেশ থেকেই কোনো সমস্যা সমাধানের বিষয়ে পুলিশকে অবগত করতে জেলা পুলিশে প্রথমবারের মতো ‘প্রবাসী কল্যাণ ডেস্ক হটলাইন’ নামে সেবা চালু করা হচ্ছে। এই হটলাইনে রাত-দিন চব্বিশ ঘন্টা যোগাযোগ করে সেবা নিতে পারবেন।এই ডেস্কের দায়িত্বে থাকবেন নারী পুলিশ সদস্য।প্রবাসীদের সাথে ধৈর্য ধরে কথা শুনতে এই ডেস্কের দায়িত্বপ্রাপ্তদের গাইড লাইন দেয়া হয়েছে।

নবাগত এসপি আরো জানান, বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থী বা অনেক গমনেচ্ছুদের জন্য ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ লাগে। এ বিষয়ে অনেকে কম্পিউটারের দোকানে গিয়ে অতিরিক্ত টাকা খরচ করেন, এমনকি হয়রানিরও শিকার হন। এসব বিবেচনায় সিলেট জেলা পুলিশ এবার ‘ওয়ানস্টপ সার্ভিস ফর পুলিশ ক্লিয়ারেন্স’ সেবা চালু করেছে। এ ডেস্কে এসে যে কেউ কোনো টাকা ছাড়াই এই সেবা নিতে পারবেন। সংবাদ সম্মেলনে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন