শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২১ জানুয়ারি ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ

সিলেট-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে মাওলানা আমির উদ্দিনের একক নির্বাচনের ঘোষণা

আপডেট টাইম : জানুয়ারি ২১, ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ



শেয়ার করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন মাওলানা আমির উদ্দিন। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন বলে জানানো হয়েছে।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্যহীন ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের লক্ষ্যে পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে ওয়ান বক্স পলিসির মাধ্যমে নির্বাচনী সমঝোতা হয়েছিল। তবে সমঝোতায় থাকা একটি দলের একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা এবং আদর্শিক বিচ্যুতি, বিশেষ করে ইসলামী শরিয়া আইন নিয়ে বিতর্কিত অবস্থান ও একক সিদ্ধান্তের কারণে তৃণমূল নেতাকর্মী ও ওলামায়ে কেরামের পরামর্শে তারা সমঝোতা থেকে বেরিয়ে এসে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

মাওলানা আমির উদ্দিন আরও বলেন, গত ১৭ বছরে সিলেট-২ আসন অবহেলিত ছিল এবং রাতের ভোটের জনপ্রতিনিধিদের কারণে সাধারণ মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তিনি দাবি করেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং লাগামহীন দুর্নীতির কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। এ অবস্থায় দুর্নীতি রোধে সৎ ও আল্লাহভীরু জনপ্রতিনিধি নির্বাচনের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি বলেন, ইসলামী আন্দোলনের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে তাদের কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ নেই। আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে জনগণের আমানতের খেয়ানত করবেন না এবং কোনো মিথ্যা প্রতিশ্রুতি না দিয়ে নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করবেন বলে তিনি জানান।

মতবিনিময় সভায় তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং সিলেট-২ আসনকে উন্নয়নের ধারায় যুক্ত করতে সাংবাদিকসহ এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সভায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা শাখার সেক্রেটারি মাশুকুর রহমান শিকদার, প্রচার ও দাওয়াহ সম্পাদক মারুফ আলী, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মাহবুব হোসাইন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবুল খায়ের, শিল্প ও বাণিজ্য সম্পাদক শাহ হোসেন, সহদপ্তর সম্পাদক আব্দুল্লাহ মাসুদ, পৌরসভা শাখার সভাপতি মাওলানা রিয়াজুল ইসলামসহ ইসলামী আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

শেয়ার করুন