বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২০ অপরাহ্ণ

বড়লেখায় যুবদল নেতা হত্যা মামলায় যুবদল সভাপতি গ্রেপ্তার

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১২, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ



শেয়ার করুন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নোমান হোসেন হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে একই ওয়ার্ড যুবদলের সভাপতি হেলাল আহমদ (৪৭)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে সুজানগর ইউনিয়নের বাড্ডা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে হেলালকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। হেলাল সুজানগর ইউনিয়নের দশঘরি গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে।

সুজানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাবুল আহমদ বলেন, সুজানগর ইউনিয়নের ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নোমান হোসেন হত্যায় সম্পৃক্ততার অভিযোগে একই ওয়ার্ডের যুবদলের সভাপতি হেলাল আহমদকে পুলিশ গ্রেপ্তার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) দেবল চন্দ্র সরকার মঙ্গলবার রাতে বলেন, যুবদল নেতা নোমান হত্যা মামলার গ্রেপ্তারকৃত আসামি মারজান আহমদ ও রায়হান আহমদ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানকালে নোমান হত্যাকাণ্ডে হেলাল আহমদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তদন্তেও প্রাথমিকভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় হেলালকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

শেয়ার করুন