১৮ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
মাহফুজ কাউসার ছাদি : ঢাকা-সিলেট রুটে যাত্রীসেবা উন্নয়ন ও বাজার পরিস্থিতি বিবেচনায় ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। ২৮ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর নতুন ভাড়া কাঠামো অনুযায়ী, সিলেট থেকে ঢাকায় সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২,০২৪ টাকা, যা কর ও অন্যান্য খরচ যুক্ত হয়ে দাঁড়ায় ৩,১৯৯ টাকা। একই রুটে সর্বোচ্চ ভাড়া রাখা হয়েছে ৭,০২৪ টাকা, ট্যাক্সসহ মোট ৮,১৯৯ টাকা।
তবে এই নির্ধারিত ভাড়া কাঠামো বাস্তবে অনুসরণ করা হচ্ছে কিনা, তা নিয়ে উদ্বেগ ও অভিযোগের শেষ নেই। একাধিক ভুক্তভোগীর দাবি, বিমানের টিকেট কেনার সময় তাদের কাছ থেকে নিয়মিতভাবে ১১ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। ভুক্তভোগীদের এই কথার সত্যতা মেলে টিকেটিং ওয়েবসাইট গোজায়ান (Gozayan)-এ চোখ রাখলেই। সাইটে ঢাকা-সিলেট রুটের বিমান ভাড়া দেখা যায় ১১,৭০০ টাকা হিসেবে, যা কর্তৃপক্ষ ঘোষিত সর্বোচ্চ ভাড়ার চেয়ে অনেক বেশি।
এ বিষয়টি সিলেট বিভাগের বিপুল সংখ্যক প্রবাসী পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। বাংলাদেশের অর্থনীতির একটি বড় চালিকাশক্তি প্রবাসী আয়। কিন্তু বিমান ভাড়া নিয়ে প্রবাসীদের অসন্তোষ ও অভিযোগ দীর্ঘদিনের। প্রবাসীরা অভিযোগ করেন, বারবার ভাড়া নিয়ন্ত্রণ ও যাত্রীসেবার নীতিমালা প্রণয়নের কথা বলা হলেও বাস্তবে এসব সমস্যার স্থায়ী কোনো সমাধান হয়নি। ফলে নির্ধারিত মূল্যের বাইরে বাড়তি অর্থ গুনতে বাধ্য হচ্ছেন তারা, যা রাষ্ট্রীয় নিয়মনীতি ও ভোক্তা অধিকারের প্রতি সুস্পষ্ট অবহেলা বলে মনে করছেন সাধারণ যাত্রী ও মানবাধিকার সংগঠনগুলো।