৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
সিলেট আঞ্চলিক তথ্য অফিসের সম্মেলন কক্ষে তথ্য অধিদফতর আয়োজিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীর ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বলেন, গণমাধ্যম সমাজের দর্পণস্বরূপ এবং দেশের যেকোন গুরুত্বপূর্ণ বিষয়ে গণমাধ্যমকর্মীদের দ্বায়িত্বশীল ভূমিকা রাষ্ট্রকে সঠিক পথ দেখায়। তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি বলেন, তথ্য অধিদফতর গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করছে। এ উপলক্ষ্যে প্রস্তুতকৃত সচেতনতামূলক বিভিন্ন কন্টেন্ট, টিভিসি, থিম সং, বিভাগীয় সংগীতসহ পোস্টাল ব্যালট সম্পর্কিত প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া গণমাধ্যমকর্মীদের নিয়ে বিভিন্ন বিভাগে সেমিনার, কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করছে তথ্য অধিদফতর।
প্রধান তথ্য অফিসার আরও বলেন, গণভোট নিয়ে তরুণরা অত্যন্ত উচ্ছ্বসিত। তরুণদের এ উচ্ছ্বাসকে যথাযথভাবে কাজে লাগিয়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি গ্রামের সাধারণ জনগণ ও নারীদের ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে হবে। গণভোট কী, কেন এবং কীভাবে ভোট দিতে হবে- এসব বিষয়ে জনগণের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। তাই গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের সুবিধা এবং আচরণবিধি সহজভাবে জনগণের কাছে তুলে ধরতে হবে।
উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী, উপপ্রধান তথ্য অফিসার নাসরীন জাহান লিপি ও মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন। এ সময় সিনিয়র তথ্য অফিসার কে.এম. খালিদ বিন জামান ও তাহমিনা আক্তার, তথ্য অফিসার বিথী আক্তার এবং সিলেট জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান উপস্থিত ছিলেন।
কর্মশালায় বিভিন্ন জাতীয় দৈনিক, ইলেকট্রনিক মিডিয়া ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকগণ তাদের মতামত ও নির্বাচন বিষয়ক অভিজ্ঞতার কথা তুলে ধরেন।