২৯ জুলাই ২০২৫, ৭:১৭ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বৃক্ষরোপন অভিযান-২০২৫ এর উদ্বোধন করেছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। মঙ্গলবার (২৯শে জুলাই) বিকেল ৪:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওড় লালশাপলা বিল এলাকা সংলগ্ন ডিবিরহাওড় মৌজার খাস জমিতে সুপারী গাছের চারা রোপনের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত মৌজায় ১৩ দশমিক ৬৯ একর খাস জমিতে মোট দশ হাজার সুপারি গাছের চারা রোপন করা হবে।
এ সময় বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক সুবর্ণা সরকার, স্থানীয় সরকার, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সারী বিট রেঞ্জের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
সাংবাদিকদের সাথে আলাপকালে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, প্রতি উপজেলায় ১০ হাজার করে মোট ১ লক্ষ ৩০ হাজার গাছের চারা ইতিমধ্যে রোপনের কার্যক্রম শুরু করা হয়েছে এবং পর্যাক্রমে পুরো জেলায় ২ লক্ষাধিক গাছ রোপণ করা হবে। তিনি আরো বলেন ডিবিরহাওড় শাপলা বিল নিয়ে জেলা প্রশাসনের সুদূরপ্রসারী চিন্তাভাবনা রয়েছে; বিশেষ করে শাপলাবিলের রাস্তা প্রশস্তকরণ এবং পর্যটকদের জন্য রেষ্টরুম সহ বিভিন্ন সুবিধা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হবে। উপস্থিত স্থানীয় ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।