,

24 July 2025, 9:57 PM

কিন্ডারগার্টেন বাদে বৃত্তি পরীক্ষায় তীব্র প্রতিবাদ

আপডেট টাইম : July 24, 2025 9:57 PM



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: জৈন্তাপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল, কিন্ডারগার্টেন ও সমমান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করায় তীব্র প্রতিবাদ ও দুঃখ প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় জৈন্তাপুরের উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের কাছে পৃথক দুটি স্মারকলিপি প্রদান করে জৈন্তাপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হয়।

এসোসিয়েশনের সভাপতি এম.এ বশির উদ্দীন ও সেক্রেটারি রমিজ উদ্দীন রমজান স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, “প্রাথমিক পর্যায়ে দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং একটি মেধাবী জাতিগঠনে দেশের কিন্ডারগার্টেন স্কুলগুলো ব্যাপার অবদান রেখে আসছে। ইতোপূর্বে সবগুলো সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে আসছিলেন। আমরা আপনার মাধ্যমে সরকারের নিকট বিনয়ের সাথে দাবী জানাচ্ছি, কোমলমতি শিশু-কিশোরদের সুপ্ত-প্রতিভা ও মেধা বিকাশের লক্ষ্যে তাদেরকে পরীক্ষা থেকে বঞ্চিত না করে অংগ্রহণের সুযোগ দেওয়া প্রয়োজন।”

স্মারকলিপিতে শিক্ষার্থীদের প্রতি এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানানো হয় এবং জাতীয় পর্যায়ে এ বিষয়ে কাজ করা ব্যক্তিদের প্রতি সংহতি প্রকাশ করে বলা হয়, “দাবি আদায়ের জন্য সকল প্রচেষ্টায় জৈন্তাপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সমর্থন আছে এবং আমরা যথাসাধ্য কর্মসূচিও পালন করবো।”

ইউএনও অফিস ও শিক্ষা অফিসে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে এসোসিয়েশনের সহসভাপতি ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল আবু সুফিয়ান, এসোসিয়েশনের সহসভাপতি ও সানরাইজ প্রি-ক্যাডেট একাডেমির প্রিন্সিপাল রাজীব কুমার নাথ, গ্রিন বার্ডস কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল আলী হোসেন, আর.এম প্রিপারেটরির প্রিন্সিপাল গিয়াস উদ্দিন, শাহজালাল প্রি-ক্যাডেটের ডিরেক্টর শফিকুর রহমান, বিএম ল্যাব স্কুলের পরিচালক রাসেল মাহফুজ, বর্ণমালা একাডেমির প্রিন্সিপাল রমজান হোসেন, মীম কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল রেজাউল ইসলাম, এডুকেয়ার কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল আব্দুশ শুকুর, রুপচেং কিন্ডারগার্টেনের ডিরেক্টর বাহার আলম, বাউরভাগ আল-মাদানীর প্রিন্সিপাল মো. সেলিম, মেরিট গার্ডেনের ডিরেক্টর সাইফুল ইসলাম, জেডিএফের সহকারী শিক্ষক জয় কান্ত দাস, আর.এম প্রিপারেটরির সহকারী শিক্ষক কামরুল ইসলাম এবং শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন