23 July 2025, 8:01 PM
আলোকিত সিলেট ডেস্ক : ঢাকার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেন, সরকারের ব্যর্থতায় গণঅভ্যুত্থানের অংশীদাররা বিভক্ত হওয়ায় ফ্যাসিবাদ বারবার সুযোগ পাচ্ছে। আজ বুধবার মিডিয়া ব্রিফিংয়ে তিনি দাবি করেন, সংস্কার ও সঠিক সময়ে নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয়ের বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে।
মঞ্জু বলেন, “আপনি যদি প্রয়োজনীয় সংস্কার করতে না পারেন বা ভালো নির্বাচন নিশ্চিত করা সম্ভব না মনে করেন, তাহলে পদত্যাগ করে চলে আসুন। সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণে আগ্রহী সব পক্ষ মিলে আপনার নেতৃত্বে আমরা নির্বাচনী জোট গঠন করি।” তিনি আরও উল্লেখ করেন, শুধু বিপদে পড়লেই প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডাকেন। ফ্যাসিবাদের পতনের পর দলগুলো দুই ভাগে বিভক্ত হলেও সরকার বিভক্তি রোধে কার্যকর ভূমিকা নেয়নি। তবে প্রধান উপদেষ্টা নির্বাচন পর্যন্ত দলগুলোর সঙ্গে ঘনঘন বৈঠকের আশ্বাস দিয়েছেন।
উত্তরার মাইলস্টোন কলেজে বিমানবিধ্বস্তের ঘটনায় গতকাল দুজন উপদেষ্টার ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকা এবং সচিবালয়ে বিশৃঙ্খলাকে সরকারের দুর্বলতা প্রকাশের ইঙ্গিত বলে মন্তব্য করেন মঞ্জু। তিনি বলেন, “এই দুর্বল সরকার দিয়ে প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন সম্ভব নয়।” সরকারের গ্রহণযোগ্যতা কমার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের অংশীদার ও নায়কদেরও গ্রহণযোগ্যতা কমেছে বলে তিনি উল্লেখ করেন।
রাজনৈতিক দলগুলোর প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে মঞ্জু বলেন, “কোনো দল রাষ্ট্রীয় প্রটোকল ও সরকারি সুবিধা পাচ্ছে, আবার কোনো দল পাচ্ছে না—এমন কেন? আমরা প্রধান উপদেষ্টার কাছে এ প্রশ্ন করেছি।” তিনি আরও যোগ করেন, বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিলে তা নির্বাচনের পরিবেশ নষ্ট করতে পারে।
ব্রিফিংয়ে এবি পার্টির পক্ষে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) সাঈদ নোমান, যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, সহকারী অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ।