,

20 April 2025, 8:56 PM

সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সেনাবাহিনীর হামলার তীব্র নিন্দা

আপডেট টাইম : April 20, 2025 8:56 PM



শেয়ার করুন

মাহফুজ কাউসার ছাদি: সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে সেনাবাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, সিলেট নগর শাখা। সংগঠনের পক্ষ থেকে আজ এক বিবৃতিতে এই হামলাকে স্বৈরাচারী রাষ্ট্রীয় দমননীতির প্রকাশ হিসেবে অভিহিত করা হয়েছে।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি তানজিনা বেগম ও সাধারণ সম্পাদক আয়শা আক্তার যৌথ বিবৃতিতে বলেন, “২০২১ সালে অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরুর পর থেকেই সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নানাবিদ সংকটে ভুগছে। ২০২৩ সালে কলেজটি স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হলেও এখনো হাসপাতাল চালু হয়নি। ফলে শিক্ষার্থীরা ক্লিনিক্যাল ক্লাস ও হাতে-কলমে প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছে।”

তারা আরও উল্লেখ করেন, “শিক্ষার্থীরা জুনের মধ্যে হাসপাতাল চালু, পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিতকরণ, ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও রেজিস্ট্রার নিয়োগ এবং জেলা সদর হাসপাতালে সপ্তাহে ছয়দিন ক্লিনিক্যাল ক্লাসের দাবি জানিয়েছে। এছাড়া, যাতায়াতের জন্য অন্তত তিনটি বাসের ব্যবস্থা করাও তাদের জরুরি দাবি।”

নেতৃদ্বয় বলেন, “মেডিকেল শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে হাতে-কলমে শিক্ষার অভাব শুধু শিক্ষার্থীদের সমস্যা নয়, এটি পুরো সমাজের স্বাস্থ্যসেবার ভবিষ্যতের জন্য হুমকি। এই ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সেনাবাহিনীর লাঠিচার্জ ও হকিস্টিক দিয়ে হামলা একটি স্বৈরাচারী রাষ্ট্রব্যবস্থারই প্রকাশ।”

তারা আরও স্মরণ করিয়ে দেন, “এর আগেও শ্রমিকদের বকেয়া মজুরির দাবিতে এবং কুমিল্লা পলিটেকনিকের আন্দোলনে সেনাবাহিনী একইভাবে হামলা চালিয়েছে। জুলাই মাসের গণঅভ্যুত্থানে রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল, আজ সেই দমননীতি আবারও সামরিক শক্তির মাধ্যমে ফিরে আসছে।”

বিবৃতির শেষে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, সিলেট নগর শাখা সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি, এই দমন-পীড়নের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন