শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ জুলাই ২০২৫, ৪:৪১ অপরাহ্ণ

এসএসসিতে পাসের হারে বড় পতন, জিপিএ-৫ কমেছে ৪৩ হাজারের বেশি

আপডেট টাইম : জুলাই ১০, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ



শেয়ার করুন

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার নেমে দাঁড়িয়েছে ৬৮.৪৫ শতাংশে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য ১৪.৫৯ শতাংশ কম। মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন, যাদের মধ্যে পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। গত বছর পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ।

এবার বেশিরভাগ বোর্ডে ছাত্রীদের পাসের হার ছাত্রদের তুলনায় বেশি। সামগ্রিকভাবে ছাত্রীদের পাসের হার ছাত্রদের চেয়ে ৩.৭৯ শতাংশ এগিয়ে। তবে সিলেট শিক্ষা বোর্ডে ব্যতিক্রম দেখা গেছে, সেখানে ছাত্রদের পাসের হার (৬৮.৬২%) ছাত্রীদের (৬৮.৫৪%) চেয়ে সামান্য বেশি। সিলেট বোর্ডের গড় পাসের হার ৬৮.৫৭ শতাংশ।

জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও ছাত্রদের তুলনায় ছাত্রীরা সামগ্রিকভাবে এগিয়ে। মোট এক লাখ ৩৯ হাজার ৩২ জন জিপিএ-৫ পেয়েছে, যার মধ্যে ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী এবং ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র। তবে তিনটি বোর্ডে ছাত্ররা এগিয়ে রয়েছে: কুমিল্লায় ছাত্র (৬.৩১%) ছাত্রীর (৫.৬২%) চেয়ে, চট্টগ্রামে ছাত্র (৮.৯০%) ছাত্রীর (৮.০৭%) চেয়ে এবং মাদরাসা বোর্ডে ছাত্র (৩.৩২%) ছাত্রীর (৩%) চেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে। গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৪৩ হাজার ৯৭ জন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে পাসের হার সর্বোচ্চ ৭৭.৬৩ শতাংশ। অন্যদিকে বরিশাল বোর্ডে পাসের হার সর্বনিম্ন ৫৬.৩৮ শতাংশ। অন্যান্য বোর্ডের পাসের হার হলো: ঢাকা (৬৭.৫১%), কুমিল্লা (৬৩.৬০%), যশোর (৭৩.৬৯%), চট্টগ্রাম (৭২.০৭%), সিলেট (৬৮.৫৭%), দিনাজপুর (৬৭.০৩%), এবং ময়মনসিংহ (৫৮.২২%)। মাদরাসা বোর্ডে পাসের হার ৬৮.০৯% এবং কারিগরি বোর্ডে ৭৩.৬৩%। এবার ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, তবে ৯৮৪টি প্রতিষ্ঠানে শতভাগ পাসের সাফল্য এসেছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, এবার ফলাফল প্রকৃত যোগ্যতার ভিত্তিতেই তৈরি করা হয়েছে। ফলাফল ‘ফুলিয়ে ফাঁপিয়ে’ দেখানো হয়নি বলেই পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কিছুটা কমে গেছে।

শেয়ার করুন