9 June 2025, 5:23 PM
ত্যাগের মহিমায় ভরপুর পবিত্র ঈদ-উল-আজহা সিলেটে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। গত শনিবার (০৭ জুন) সকালে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ। জামাতের পূর্বে ঈদ-উল-আজহার তাৎপর্য নিয়ে বয়ান পেশ করেন একই মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান।
শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত প্রধান জামাতে সিলেট সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। এছাড়াও দরগাহ-এ হজরত শাহজালাল (র.) মাজার মসজিদ, কুদরত উল্লাহ জামে মসজিদ, সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানসহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর উপস্থিত মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদ উপলক্ষে সিলেট নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সিটি কর্পোরেশন কার্যকর ব্যবস্থা নেয়। ঈদের পর লম্বা ছুটি থাকায় ধারণা করা হচ্ছে, সিলেটের পর্যটন স্পটগুলো ভ্রমণপিপাসুদের পদচারণায় মুখরিত হবে। এজন্য জেলা প্রশাসন পর্যটকদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে। দুর্ঘটনা এড়াতে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে সতর্কতামূলক সাইনবোর্ড লাগানো হয়েছে এবং পর্যটন পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এদিকে, ঈদ-উল-আজহা উপলক্ষে সিলেটের বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের মধ্য দিয়ে সিলেটবাসী এই পবিত্র দিনটি উদযাপন করে।
উৎস : পিআইডি