বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ মার্চ ২০২৫, ১:০৬ অপরাহ্ণ

পবিত্র রমজান মাসে আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে: এসএমপি কমিশনার রেজাউল করিম

আপডেট টাইম : মার্চ ১৪, ২০২৫ ১:০৬ অপরাহ্ণ



শেয়ার করুন

আলোকিত সিলেট ডেস্ক : সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার রেজাউল করিম পিপিএম সেবা বলেছেন, পবিত্র রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাত এবং সংযমের মাস। এই মাসে আমাদের আত্মশুদ্ধি করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে। তিনি আরও বলেন, প্রতি বছর রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও ভেজাল নিয়ে সাধারণ মানুষ আতঙ্কে থাকে। বাংলাদেশ পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে সরকারের নির্দেশনায় মাঠ পর্যায়ে কাজ করছে।

তিনি বলেন, সরকার দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বদ্ধপরিকর। কোনো ব্যবসায়ী যদি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করে, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির পেছনে কোনো সিন্ডিকেট বা অন্য কোনো কারণ সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য বাজার কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

এসএমপি কমিশনার আরও বলেন, রমজান মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য এসএমপি সতর্ক রয়েছে। চুরি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধে নিয়মিত টহল জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তিনি ব্যবসায়ীসহ সকল মহলের সহযোগিতা কামনা করেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সিলেটের তালতলা ব্যবসায়ী ঐক্য পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসএমপি কমিশনার উপরোক্ত কথাগুলো বলেন। তালতলা ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বায়ক জামাল উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাংবাদিক রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ-এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. কামাল খান। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসএমপির কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক, বাংলাদেশ ইসলামী ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক মুহাম্মদ নুরুজ্জামান, সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজওয়ান আহমদ, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রুপন খান, তেলিহাওর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সিরাজ বক্স, সিলেট ইলেকট্রনিক্স জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) যুগ্ম সাধারণ সম্পাদক রানা মজুমদার এবং সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলাল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরান হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তালতলা ব্যবসায়ী ঐক্য পরিষদের উপদেষ্টা এ.টি.এম. তারেক, আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান জামাল ও ছাদিকুর রহমান ছাদিক, ব্যবসায়ী কাওছার আহমদ, শাকের আহমদ চৌধুরী, আল মাহমুদ, রুহুল আমিন, রায়হান উদ্দিন, অরুপ বিজয় চৌধুরী, সালাহ উদ্দিন, সাব্বির আহমদ পলাশ, শায়েস্তা মিয়া, শাহ মো. আলী হোসেন, হোসেন আহমদ, সৈয়দ মাহাদ্দিস, পাবেল চৌধুরী, মানিক মিয়া, শামীম আহমদ, তোফায়েল আহমদ, মঈন খান ও মাহমুদুল হামান প্রমুখ।

শেয়ার করুন