২২ জুলাই ২০২৫, ২:০২ পূর্বাহ্ণ
উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে ছুটির মুহূর্তে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক উইং গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে এবং বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে উদ্ধারকার্য চালাচ্ছে। বিমান বিধ্বস্তের খবর পাওয়ার পরেই এনসিপি শ্রমিক উইং সরকারকে উদ্ধারকার্যে সর্বোচ্চ ও তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের জরুরি আহ্বান জানিয়েছে। পাশাপাশি, সংগঠনের নেতৃবৃন্দ দলের সকল স্তরের নেতাকর্মীদের রক্তদান এবং আহতদের চিকিৎসায় সার্বিক সহযোগিতা প্রদানের জন্য নির্দেশনা দিয়েছেন।
এক বিবৃতিতে এনসিপি শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় কমিটির সংগঠক শিব্বির আহমদ এটিকে দেশের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা আখ্যায়িত করে বলেন, এর আগেও বিমান বাহিনীর বেশ কিছু প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রশিক্ষক ও প্রশিক্ষণরত কর্মকর্তারা নিহত হয়েছেন। তারা এই ঘটনার বিষয়ে বিমান বাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত পরিচালনা করে প্রয়োজনীয় সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিবৃতিতে বিমান দুর্ঘটনায় নিহত ও আহত সকলের প্রতি তারা গভীর সমবেদনা প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়েছে, “বিমান দূর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।”