,

10 May 2025, 7:43 PM

সিলেটের পাথর কোয়ারি খুলতে প্রয়োজনে মব সৃষ্টি করা হবে: কানাইঘাটে সৈয়দ ফয়জুল করিম

আপডেট টাইম : May 10, 2025 7:43 PM



শেয়ার করুন

তাওহীদুল ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই বলেছেন, সিলেটের পাথর কোয়ারি অবিলম্বে খুলে দিতে হবে। তিনি অভিযোগ করেন, ভারতের স্বার্থ রক্ষায় আওয়ামী লীগ সরকার সীমান্তবর্তী সিলেটের পাথর কোয়ারি বন্ধ করে রেখেছে। তিনি বলেন, “আমাদের অর্থনীতিকে ধ্বংস করার জন্যই এটা বন্ধ করে রাখা হয়েছে। এই পাথর আমাদের, আমরা পাথর তুলবো। প্রয়োজনে মব সৃষ্টি করেও পাথর উত্তোলন করা হবে।”

তিনি গতকাল শনিবার (১০ মে) ইসলামী আন্দোলন বাংলাদেশের কানাইঘাট উপজেলা শাখার আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা নজির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন কানাইঘাটের কৃতি সন্তান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম আরও বলেন, “আগামীর নির্বাচন হবে ইসলামের বাংলাদেশ। সব প্রতীক দেখা শেষ, এবার হাতপাখার বাংলাদেশ।” এ সময় তিনি রেজাউল করিম আবরারকে আগামী সংসদে পাঠাতে সকলের সহযোগিতা কামনা করেন।

প্রধান মেহমান মুফতি রেজাউল করিম আবরার বলেন, “বিতর্কিত নারী সংস্কার কমিশন বাতিল করতেই হবে। শরীরে এক ফোঁটা রক্ত বিন্দু থাকতে এ সংস্কার পাশ করতে দেয়া হবে না।” তিনি আরও বলেন, “সিলেটের কানাইঘাট বাংলাদেশের সবচেয়ে অবহেলিত উপজেলা। এ উপজেলার প্রধান সমস্যা গাজী বুরহান উদ্দিন রাস্তা সংস্কারে আমরা কাজ করছি, আশা করি দ্রুতই এটি সম্পন্ন হবে।” এছাড়া তিনি উপজেলার গাছবাড়ী ও মুলাগুল বাজারে পুলিশ ফাঁড়ি নির্মাণ এবং বৃহত্তর জৈন্তাপুরে ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবি জানান।

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ভোটের বাক্স একটিই থাকবে। নৌকা আর ধানের শীষ—দুই সাপের একই বিষ। সব দেখা শেষ, এবার ইসলামী দলের বাংলাদেশ।”

সমাবেশে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য আলহাজ্ব নজীর আহমদ, সিলেট জেলার জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু, জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলার সভাপতি মুফতী আবু তাহের মিসবাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য আরিফুল ইসলাম শামীম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সিলেট জেলা সভাপতি আলহাজ্ব ফজলুল হক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপ-সম্পাদক মাওলানা বদরুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের কানাইঘাট উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাস্টার বিলাল আহমদ, সেক্রেটারি মুফতী ফয়জুল হাসান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কানাইঘাট পৌরসভার সেক্রেটারি ফজলে রাব্বি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কানাইঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মনোয়ার সিদ্দিকী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সেলিম আহমদ।

শেয়ার করুন