9 November 2026, 1:22 AM
দিরাই প্রতিনিধি :
করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
এতে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন জিও-এনজিওর প্রতিনিধি এবং সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা হিরণ্ময় রায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) সঞ্জীব সরকার।
এ সময় বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপ মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুল ইসলাম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মোহাম্মদ আবু সাইদ, সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর একান্ত সচিব রুদ্র মিজান, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত সাগর দাস, গোপেশ বর্মন ও হাফছা বেগমসহ প্রমুখ।
এদিকে, জাতীয় সমবায় দিবস উপলক্ষে ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে সমবায়ীদের মধ্যে বিভিন্ন প্রজাতির প্রায় ১৫০টি ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
পাশাপাশি পৌর শহরের ছিন্নমূল ও অসহায় শতাধিক মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।