7 November 2026, 4:07 PM
জৈন্তাপুর প্রতিনিধি: ইমাম উদ্দিন
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জৈন্তাপুর বিয়াম ড. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলালের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত অধ্যায়। ১৫ আগস্টের পটপরিবর্তন, ৩ নভেম্বরের সামরিক অভ্যুত্থান এবং পরবর্তী রাজনৈতিক ও সামরিক অস্থিরতার ধারাবাহিকতায় ৭ নভেম্বরের ঘটনা সংঘটিত হয়। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র ও জাতীয় ঐক্যের ধারণা তুলে ধরেন। নতুন প্রজন্মকে দেশের সঠিক ইতিহাস জানতে এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিনসহ অন্যান্য অতিথিরা। বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় ঐক্য এবং দেশের রাজনৈতিক ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নিলয় মালাকার, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, সিনিয়র মৎস্য কর্মকর্তা ওলিউর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস শুক্কুরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
এছাড়াও উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুক্কুর মেম্বার, জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন মেম্বার, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হারুন রশিদ সরকার, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাজেদ আহমেদ তারেকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।