9 September 2026, 3:04 PM
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র উৎমাছড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০টি সোলার ল্যাম্প স্থাপন করা হয়েছে। পর্যটনকেন্দ্রটির সৌন্দর্য বৃদ্ধি ও সন্ধ্যার পর পর্যটক এবং স্থানীয়দের চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি উৎমাছড়া এলাকায় এসব সোলার ল্যাম্প স্থাপন করা হয়। সৌরশক্তিচালিত এসব বাতির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ ছাড়াই রাতে পর্যটনকেন্দ্রের গুরুত্বপূর্ণ স্থানগুলো আলোকিত থাকবে। এতে রাতের বেলায় পর্যটকদের চলাচল সহজ হওয়ার পাশাপাশি নিরাপত্তাও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়রা জানান, উৎমাছড়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দর্শনীয় স্থান। বিশেষ করে ছুটির দিনগুলোতে এখানে বিপুলসংখ্যক পর্যটকের সমাগম ঘটে। তবে সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় পর্যটকদের নানা সমস্যায় পড়তে হতো। সোলার ল্যাম্প স্থাপনের ফলে সেই সমস্যা অনেকটাই কমে আসবে।
উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। তাঁরা মনে করেন, পর্যটনকেন্দ্রটির অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম আরও বাড়ানো প্রয়োজন।
সংশ্লিষ্টরা জানান, পরিবেশবান্ধব সৌরশক্তির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি উৎমাছড়াকে আরও আকর্ষণীয় ও পর্যটকবান্ধব করে গড়ে তুলতে ভবিষ্যতেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।